বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ইতিহাস বিকৃত করা হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, প্রকৃত ইতিহাস তুলে ধরতে হবে এবং স্বাধীনতার গৌরব অক্ষুণ্ন রাখতে হবে।
শুক্রবার (২৭ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের স্বাধীনতা, মুক্তিযুদ্ধ এবং বিজয়ের ইতিহাসের সঙ্গে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম অবিচ্ছেদ্যভাবে জড়িত।
তিনি বলেন, ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি বাহিনীর গণহত্যার পরবর্তী সময়ে চট্টগ্রাম থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দেন, যা আন্তর্জাতিকভাবেও স্বীকৃত।
তিনি আরও বলেন, পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক উদ্দেশ্যে ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপন করা হয়েছে। স্বাধীনতার ঘোষণাপত্র এবং সংশ্লিষ্ট দলিল নিয়ে বিতর্ক সৃষ্টি করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
বিএনপির নেতা বলেন, আমরা কারো অবদান অস্বীকার করতে চাই না।
তিনি বলেন, তৎকালীন জাতির নেতা শেখ মুজিবুর রহমানের নাম উল্লেখ করে স্বাধীনতার ঘোষণাও পুনঃপ্রচার করা হয়েছিল, যা ইতিহাসের অংশ।
গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দেশনেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে এবং বিএনপির ধারাবাহিক সংগ্রামের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও পুনরুদ্ধারের ইতিহাস রয়েছে। সাম্প্রতিক আন্দোলনেও দলীয় নেতা-কর্মী ও ছাত্রসমাজের ভূমিকার স্বীকৃতি দেন তিনি।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তিনি সতর্ক করে বলেন, বাংলাদেশে যেন আর কোনো স্বৈরাচার প্রতিষ্ঠিত না হয়, সে জন্য গণতান্ত্রিক চর্চা জোরদার করতে হবে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সভাপতিত্ব করেন বিএনপি মহাসচিব ও এলজিআরডি মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।