Image description

জ্বালানি সংকটের আশঙ্কা কমাতে আবারও বড় চালান নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে একটি তেলবাহী জাহাজ। বৃহস্পতিবার সকালে ৩০ হাজার টন পরিশোধিত জ্বালানি তেল নিয়ে বন্দরে নোঙর করে হংকং পতাকাবাহী ট্যাংকার ‘এমটি গ্রান কাউভা’।

জানা গেছে, চীনের রাষ্ট্রায়ত্ত জ্বালানি কোম্পানি ইউনিপেক এই তেল রপ্তানি করেছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) সূত্রে জানা যায়, জাহাজটিতে রয়েছে ২০ হাজার টন ডিজেল এবং ১০ হাজার টন জেট ফুয়েল।

এর মধ্যে ডিজেল পরিবহন ও শিল্প খাতে ব্যবহার করা হবে এবং জেট ফুয়েল সরবরাহ করা হবে দেশের বিমানবন্দরগুলোতে।

 

চলতি মাসে এটি নবম তেলবাহী জাহাজ, যা দেশে পৌঁছাল। আগে আরও আটটি জাহাজ এসেছে এবং মোট ১৭টি জাহাজ আসার কথা থাকলেও বাকি কয়েকটির সময়সূচি এখনও অনিশ্চিত রয়েছে।

বিশ্ববাজারে জ্বালানির দাম বৃদ্ধি এবং সরবরাহে বিলম্বের কারণে সাম্প্রতিক সময়ে জ্বালানি ব্যবস্থাপনায় কিছুটা চাপ তৈরি হয়েছিল।

বিশেষ করে মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের প্রভাবে সরবরাহ বিঘ্নিত হওয়ায় সম্প্রতি বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) জেট ফুয়েলের দাম ৮০ শতাংশ বাড়িয়েছে।

 

তবে বিপিসির চেয়ারম্যান মো. রেজানুর রহমান জানিয়েছেন, নির্ধারিত সময়েই জাহাজটি এসেছে এবং বর্তমানে দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। পাশাপাশি বিকল্প উৎস থেকে জ্বালানি সংগ্রহের উদ্যোগও নেওয়া হচ্ছে বলে তিনি জানান।

সূত্র: ডেইলি সান