Image description

দৌলতদিয়া ফেরিঘাটের ৩ নম্বর পন্টুনে কুষ্টিয়া থেকে ঢাকাগামী সৌহার্দ্য পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায় বুধবার (১৫ মার্চ) বিকেল সোয়া ৫টার দিকে। এই দুর্ঘটনায় গতকাল ২৩ জনের মরদেহ ও আজকে তিনজনের মরদেহসহ মোট ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

বাস পদ্মা নদীতে তলিয়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমেছে সারা দেশে। এমন দুঃখজনক ঘটনায় বিনোদন অঙ্গনেও নেমে এসেছে স্তব্ধতা। অভিনয়শিল্পী থেকে নির্মাতা, প্রায় সবার মধ্যেই দেখা গেছে শোক ও সংহতির প্রকাশ।

 

এই আবহেই জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি জানিয়েছেন, আপাতত তার বহুল আলোচিত ধারাবাহিক ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর নতুন পর্ব প্রচার করা হবে না।

 

 

নিজের ফেসবুকে এক কার্ড প্রকাশ করেন অমি। তাতে লেখা, সম্প্রতি ঘটে যাওয়া যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যাওয়ার মর্মান্তিক ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। শোকার্ত পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা। এই শোকাবহ পরিস্থিতির প্রেক্ষিতে এ সপ্তাহে ইউটিউবে ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এর নতুন পর্ব প্রচারিত হচ্ছে না। আগামী সপ্তাহ থেকে প্রতি বৃহস্পতি ও শুক্রবার রাত ৭টা ৩০ মিনিটে Boom Films-এর ইউটিউব চ্যানেলে ধারাবাহিকটির নতুন পর্ব প্রচার শুরু হবে।