Image description

বরগুনার তালতলীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় মূল দুই হোতাকে গ্রেফতার করেছে র‌্যাব। হত্যাকাণ্ডের ১৮ দিন পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয় অভিযুক্ত স্বামী ফরহাদ পহলান (৩০) ও তার বাবা আব্দুর রব পহলানকে (৬০)।

মঙ্গলবার (২৪ মার্চ) চট্টগ্রামের জোরারগঞ্জ থানা এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে র‌্যাব-৭ ও র‌্যাব-৮-এর একটি যৌথ দল।

মামলার বিবরণ ও র‌্যাব সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই আছিয়া খাতুনের ওপর ৩ লাখ টাকা যৌতুকের জন্য চাপ দিচ্ছিল স্বামী ফরহাদ।

মেয়ের সুখের কথা চিন্তা করে আছিয়ার বাবা স্বর্ণালংকারসহ ২ লাখ টাকা এবং তিনটি গরু দেন। পরবর্তীতে ফরহাদকে বিদেশে পাঠানোর জন্য আরও ৩ লাখ টাকা দেওয়া হয়।

তবে বিদেশে সুবিধা করতে না পেরে দেশে ফিরে আসে, আবারও বিভিন্ন সময়ে টাকা দাবি করে ফরহাদ। ঘটনার কয়েকদিন আগে থেকে ২ লাখ টাকা দাবি করে আছিয়ার ওপর অমানবিক শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে ফরহাদের পরিবার।

গত ৬ মার্চ দিবাগত রাত ১২টার দিকে ফরহাদ তার শ্বশুরকে ফোন করে জানায়, আছিয়া ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করেছে। কিন্তু আছিয়ার বাবা বাড়িতে গিয়ে মেয়ের নিথর দেহ খাটের ওপর শোয়ানো অবস্থায় দেখতে পান। তিনি লক্ষ্য করেন, আছিয়ার গলায় ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।

এ ঘটনায় আছিয়ার বাবা বাদী হয়ে তালতলী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত বাবা ও ছেলে এলাকা ছেড়ে পালিয়ে যায়। তারা বারবার অবস্থান পরিবর্তন করে আইনশৃঙ্খলা বাহিনীকে বিভ্রান্ত করার চেষ্টা করছিল। শেষ পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব তাদের অবস্থান নিশ্চিত হয়ে চট্টগ্রামের জোরারগঞ্জ থেকে তাদের গ্রেপ্তার করে।

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতদের পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের জন্য জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। সেখান থেকে তাদের বরগুনার তালতলী থানায় পাঠানোর প্রক্রিয়া চলছে।