‘দৌলতদিয়ায় বাসডুবির মতো দুর্ঘটনা কখনোই শুধু দুর্ঘটনা নয়, এর পেছনে থাকে রাষ্ট্রজুড়ে গড়ে ওঠা অদৃশ্য সিন্ডিকেটের শেকড়’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী ডা. মাহমুদা মিতু। দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের মাত্র ২৫ টাকা দেওয়া নিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। আজ বৃহস্পতিবার (২৬ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেছেন তিনি।
ডা. মাহমুদা মিতু লিখেছেন, প্রিয়তমা স্ত্রীর মেহেদী রাঙা হাত, প্রিয় সন্তানের ছোট ছোট আদুরে হাত। ২৩টি লাশ উদ্ধার হয়েছে, এদের প্রত্যেকের দাম ২৫ হাজার। স্বাধীনতা দিবসে তারা সত্যিকারের স্বাধীনতা পেয়েছে, দুর্নীতির প্রভাব থেকে, অব্যবস্থাপনার শৃঙ্খল থেকে, আধিপত্যবাদের নির্মমতা থেকে, অনিয়মের বিষাক্ত ছোবল থেকে। তাদের মুক্তি মিলেছে।
তিনি বলেন, এসব দুর্ঘটনা কখনোই শুধু দুর্ঘটনা নয়, এর পেছনে থাকে রাষ্ট্রজুড়ে গড়ে ওঠা অদৃশ্য সিন্ডিকেটের শেকড়। নিয়ম ভাঙার অনুমতি, ফিটনেসবিহীন যান চলাচল আর দায়হীনতার সংস্কৃতি- সব মিলিয়ে লাশের পর লাশ জমে দেশের মানুষের ভাগ্য বদলায় না।
তিনি আরও বলেন, যেখানে তদারকি থাকার কথা, সেখানে থাকে সমঝোতা; যেখানে জবাবদিহি প্রয়োজন, সেখানে নীরবতা। প্রতিটি অবহেলা জমে জমে এক সময় লাশের মিছিল নামে। আমরা দুদিন কান্নাকাটি করি লেখালেখি করি সব ভুলে যাই।
ডা. মাহমুদা মিতু বলেন, ‘মুক্তিযোদ্ধারা প্রাণ দিয়ে দেশ স্বাধীন করে গেল, জুলাই যোদ্ধারা প্রাণ দিল, কিন্তু মুক্তি আর মিলল না। আমরা দিনের পর দিন অপ্রয়োজনীয় চেতনার লড়াই আর যুক্তি তর্কে টকশো মাতালাম, মুক্তি আর মিলল না। দিন শেষে ২৫ হাজারে আমাদের লাশ বিক্রি হয়। অতঃপর আমরা মুক্তি পাই। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।’