Image description

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে আখলিমা বেগম (৪৫) নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছে। এছাড়া ভাঙচুর করা হয়েছে তিনটি ব্যবসা প্রতিষ্ঠান।

বুধবার রাতে বানিয়াচং উপজেলার দক্ষিণ-পূর্ব ইউনিয়নের গুণই গ্রামে এ সংঘর্ষ হয়। নিহত আখলিমা বেগম একই গ্রামের মৃত জবান উল্লার স্ত্রী।

পুলিশ জানায়, গুণই গ্রামের সালেহ আহমদ ও কামরুল ইসলাম চৌধুরীর গোষ্ঠীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এরই জেরে বুধবার রাতে উভয় পক্ষের লোকজন টর্চ লাইট জ্বালিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রায় এক ঘণ্টাব্যাপী চলা এ সংঘর্ষে নারীসহ অন্তত ২০ জন আহত হয়।

সংঘর্ষ চলাকালে প্রতিপক্ষের হামলায় সালেহ আহমদের পক্ষের আখলিমা বেগম গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। আহতদের উদ্ধার করে বানিয়াচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের সময় গুণই সিএনজি স্ট্যান্ড এলাকায় থাকা তিনটি দোকান ভাঙচুর করা হয় ও এক‌টি বাড়ি‌তে আগুন দেয়। খবর পেয়ে বানিয়াচং থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ বলেন, ‘আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে দীর্ঘদিনের বিরোধ ছিল। এরই জেরে এ সংঘর্ষ হয়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এ ঘটনায় একজন নিহত হয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে।’

শীর্ষনিউজ