Image description

কাফনের সাদা কাপড় ও আগরবাতি পাঠিয়ে হত্যার হুমকির ঘটনায় বরগুনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়েছে। নির্বাচন কমিশনারদের কাছে কাফনের সাদা কাপড় ও আগরবাতি পাঠনো হয়।

 

বুধবার (২৫ মার্চ) প্রধান নির্বাচন কমিশনারের স্বাক্ষরিত এক নোটিশে জানানো হয়, আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিতব্য নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হলো।

 

হুমকি পাওয়া নির্বাচন কমিশনাররা হলেন—প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট আব্দুল লতিফ, সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী, অ্যাডভোকেট কামাল হোসেন, অ্যাডভোকেট নিজামুল এবং অ্যাডভোকেট শফিক মাজেদ।

 

জানা গেছে, কার্যনির্বাহী কমিটির নির্বাচন আগামী ১০ এপ্রিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। নির্বাচনে ৩৭ জন প্রার্থী অংশ নেন এবং যাচাই-বাছাই শেষে সবার প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়। বিভিন্ন পদে একাধিক প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন, যা নিয়ে নির্বাচন ঘিরে উত্তেজনা বিরাজ করছিল।

 

বুধবার সকালে নির্বাচন কমিশনের সদস্যদের ডাক বিভাগের জিইপি চিঠির মাধ্যমে এবং বাসভবনের দরজার নিচ দিয়ে হুমকিমূলক চিঠি দেওয়া হয়। চিঠিতে লেখা ছিল, ‘ফ্যাসিস্ট আওয়ামী লীগের পাতানো নির্বাচন বন্ধ কর, নতুবা তোমাদের জীবন সাদা কাফন।’ চিঠির সঙ্গে কাফনের সাদা কাপড় ও আগরবাতি পাঠানো হয়, যা ঘটনাটিকে আরও উদ্বেগজনক করে তোলে।

 

এই পরিস্থিতির প্রেক্ষিতে নির্বাচন কমিশন জানায়, নির্বাচনকে কেন্দ্র করে অপ্রীতিকর ও শিষ্টাচারবহির্ভূত আচরণ, বিভিন্ন দিক থেকে হুমকি এবং নির্বাচন বন্ধে ভয়ভীতি প্রদর্শনের কারণে বর্তমান অবস্থায় সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন সম্ভব নয়। তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন সাময়িকভাবে স্থগিত করা হয়েছে।

 

সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট লতিফ ফরাজী বলেন, প্রধান নির্বাচন কমিশনারসহ আমাদের সবাইকে চিঠির মাধ্যমে কাফনের কাপড় ও আগরবাতি পাঠিয়ে হুমকি দেওয়া হয়েছে। নিরাপত্তার বিষয়টি বিবেচনা করেই নির্বাচন স্থগিত করা হয়েছে।

 

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল আলীম বলেন, আইনজীবী সমিতির নির্বাচনের নির্বাচন কমিশনারদের হুমকির বিষয়টি আমাদের কেউ জানায়নি। অভিযোগ দিলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।