নেত্রকোনার মোহনগঞ্জে বিয়ের বৌভাত অনুষ্ঠানে মাংস কম দেওয়ায় কনে পক্ষের সঙ্গে বর পক্ষের সংঘর্ষ হয়েছে। এতে কনের ছোট বোনসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৫ মার্চ) বিকেলে উপজেলার সমাজ সহিলদেও ইউনিয়নের উতিয়ারকোণা গ্রামে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত সোমবার উপজেলার উতিয়ারকোণা গ্রামের সবুজ মিয়ার ছেলে কাওছার মিয়ার (২২) সঙ্গে পার্শ্ববর্তী মেদী পাথরকাটা গ্রামের মো. আব্দুল হেকিমের মেয়ের বিয়ে হয়।
বরের বাবা সবুজ মিয়া জানান, এক লাখ ৪০ হাজার টাকা খরচ করে আমার ছেলে বৌভাত অনুষ্ঠান করেছি। অনুষ্ঠান চলাকালে খাবার খেতে বসে কনে বাড়ির লোকজন আমাদের লোকজনের সঙ্গে অহেতুক তর্কাতর্কি করে এক পর্যায়ে এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। এত টাকা খরচ করে বিয়ের অনুষ্ঠান করলাম, কিন্তু তাদের এসব কর্মকাণ্ডের কারণে বিয়ের অনুষ্ঠানই মাটি হয়ে গেল।
কনের চাচা গোলাম মোস্তফা বলেন, বরের বাড়িতে একটা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে।
মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুল ইসলাম হারুন জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।