Image description

স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে গেলেও দেশের সাধারণ মানুষ এখনও স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি বলেন, রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা নিয়ে দেশের মানুষ স্বাধীনতা অর্জন করেছিল, তা আজও বাস্তবায়ন হয়নি।

 

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বুধবার (২৫ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ মন্তব্য করেন তিনি।

 

বিবৃতিতে মামুনুল হক বলেন, ১৯৭৫ সালের সিপাহি-জনতার বিপ্লব এবং ৯০ সালের গণঅভ্যুত্থানসহ বিভিন্ন সময়ে দেশের জনগণ স্বাধীনতার প্রকৃত স্বাদ পাওয়ার আশায় বুক বেঁধেছে। কিন্তু দুঃখজনকভাবে প্রতিটি আন্দোলনের পরই ক্ষমতাসীন কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর কাছে সেই আকাঙ্ক্ষা উপেক্ষিত হয়েছে।

 

অন্তর্বর্তী সরকার বিএনপির কাছে আত্মসমর্পণের মাধ্যমে জনগণের প্রত্যাশাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে জানিয়ে মামুনুল হক বলেন, চব্বিশের জুলাই বিপ্লবের পরও দেশের মানুষ নতুন আশায় বুক বেঁধেছিল। কিন্তু বিপ্লব-পরবর্তী রাষ্ট্র পুনর্গঠনের দায়িত্ব যাদের ওপর ন্যস্ত হয়েছিল, ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের একটি অংশ কায়েমি স্বার্থবাদী গোষ্ঠীর প্রভাববলয়ে আবদ্ধ হয়ে পড়ে।

 

তিনি বলেন, চব্বিশের বিপ্লবের অন্যতম গুরুত্বপূর্ণ অর্জন ছিল জুলাই সনদ। সেই সনদ বাস্তবায়নে আমরা তৎকালীন সরকারের কাছে বারবার দাবি জানিয়েছি—আগে গণভোট, পরে নির্বাচন। কিন্তু সরকার বিএনপির দাবি মেনে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজন করে।

 

বিএনপি দেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত করছে বলে মন্তব্য করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির।

 

তিনি বলেন, বর্তমানে ক্ষমতাসীন বিএনপি সরকার গণভোটের রায় বাস্তবায়নে নানা ধরনের টালবাহানার আশ্রয় নিচ্ছে। দেশের মানুষকে পরাজিত ফ্যাসিবাদী আওয়ামী রেজিমের (শাসনব্যবস্থা) মতো আবারও সংবিধানের শিকলে আবদ্ধ করে স্বাধীনতার প্রকৃত সুফল থেকে বঞ্চিত করছে।

 

স্বাধীনতা দিবসের চেতনাকে সামনে রেখে ন্যায়, ইনসাফ ও জনগণের প্রকৃত অধিকার প্রতিষ্ঠায় গণভোটের রায় বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মাওলানা মামুনুল হক।