Image description

মালয়েশিয়ায় কর্মী পাঠিয়ে ১১৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় আলোচিত সেনা কর্মকর্তা ও ফেনী-৩ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানোর আবেদন করা হয়েছে।

বুধবার (২৫ মার্চ) মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদ ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মঈনউদ্দীন চৌধুরীর আদালতে এ আবেদন করেন।

দুদকের সহকারী পরিচালক আমিনুল ইসলাম জানান, এ বিষয়ে আসামির উপস্থিতিতে শুনানির জন্য আগামী ৯ এপ্রিল দিন রেখেছেন বিচারক।

২০০৭-০৮ সময়ের তত্ত্বাবধায়ক সরকারের সময়ের আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী ফাইভ এম ইন্টারন্যাশনাল নামের একটি রিক্রুটিং এজেন্সির এমডি। ওই কোম্পানির মাধ্যমে অনিয়ম ও দুর্নীতির অভিযোগেই গত ১১ মার্চ মাসুদ উদ্দিন চৌধুরীসহ অন্যদের বিরুদ্ধে এ মামলা করে দুদক।

গত সোমবার মধ্যরাতে ঢাকার বারিধারা ডিওএইচএসের বাসা থেকে মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। মঙ্গলবার রাজধানীর পল্টন থানার মানব পাচারসংক্রান্ত এক মামলায় মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতার দেখানো হয়।

পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে এই মামলায় তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। তার বিরুদ্ধে মোট ১১টি মামলার তথ্য পেয়েছে ডিবি।

শীর্ষনিউজ