যুদ্ধ বন্ধের জন্য যুক্তরাষ্ট্রের প্রস্তাব ইরানের কাছে পৌঁছে দিয়েছে পাকিস্তান। ইরানের এক ঊর্ধ্বতন সূত্র রয়টার্সকে এ বিষয়টি জানিয়েছে। তবে এ যুদ্ধ শেষ করার জন্য তেহরান ও ওয়াশিংটনের মধ্যে যে কোনো আলোচনার স্থান এখনও নির্ধারিত হয়নি।
বুধবার ( ২৫ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে রয়টার্স ও জিও নিউজ।
বিষয়টির সংবেদনশীলতার কারণে নাম প্রকাশে অনিচ্ছুক ওই সূত্রটি প্রস্তাবটির বিস্তারিত বিবরণ প্রকাশ করেনি। তবে এ বিষয়টি নিশ্চিত করেছে যে পাকিস্তান ইরানকে একটি মার্কিন প্রস্তাব দিয়েছে। এটি গণমাধ্যমে প্রকাশিত যুদ্ধ শেষ করার জন্য ১৫-দফা মার্কিন কাঠামো প্রস্তাব কি না, তাও জানা যায়নি।
ইরানের স্থানীয় ওই সূত্রটি আরও জানায়, তুরস্ক যুদ্ধ শেষ করার উপায় খুঁজে বের করতে সাহায্য করছে এবং এই ধরনের আলোচনার স্থান হিসেবে তুরস্ক বা পাকিস্তান—উভয়কেই বিবেচনা করা হচ্ছে।
তবে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম বুধবার পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতের বরাত দিয়ে জানিয়েছে, তেহরান ও ওয়াশিংটনের মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হয়নি। এর মাধ্যমে তিনি ইরানের একটি চুক্তি খোঁজার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিরোধিতা করেছেন।
পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত রেজা আমিরি মোগাদ্দাম বলেন, আমার জানা তথ্য অনুযায়ী, ট্রাম্পের দাবির বিপরীতে, এখন পর্যন্ত দুই দেশের মধ্যে কোনো প্রত্যক্ষ বা পরোক্ষ আলোচনা হয়নি।
তিনি আরও বলেন, বন্ধু দেশগুলো তেহরান ও ওয়াশিংটনের মধ্যে সংলাপের ক্ষেত্র প্রস্তুত করতে চায়, যা এই চাপিয়ে দেওয়া যুদ্ধের অবসানে ফলপ্রসূ হবে বলে আমরা আশা করি।