চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন কর্তৃপক্ষ (চট্টগ্রাম ওয়াসা)-এর নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে শওকত মাহমুদকে নিয়োগের ২ ঘণ্টা পর আবার সেই নিয়োগ বাতিল করা হয়েছে।
মঙ্গলবার রাত ১০ দিকে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ নিয়োগ বাতিল করা হয়। এর আগে রাত ৮টায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনে চতুর্থ গ্রেডের সরকারি কর্মকর্তা শওকত মাহমুদকে এমডি পদে নিয়োগ দেয়া হয়। তিনি এর আগে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি চট্টগ্রামের সন্দ্বীপে বলে জানা গেছে।
রাতে চট্টগ্রাম ওয়াসার প্রধান প্রকৌশলী মাকসুদ আলম আমার দেশকে নিয়োগ হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আমরা মঙ্গলবার রাত আটটার দিকে প্রজ্ঞাপনটি পেয়েছি। ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী শওকত মাহমুদকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ করা হয়েছে। নিয়মানুযায়ী প্রেষণে নিয়োগকৃত কর্মকর্তা নির্দিষ্ট সময় শেষে তার আগের কর্মস্থলে ফিরে যাবেন।
ওয়াসার আরেকটি সূত্র জানায়, রাত ৮টার দিকে দেওয়া প্রজ্ঞাপন রাত দশটার দিকে বাতিল করা হয়েছে। সূত্রটি জানায়, যেখানে চট্টগ্রাম ওয়াসার বর্তমান প্রধান প্রকৌশলী তৃতীয় গ্রেডের সেখানে নতুন এমডি হিসেবে চতুর্থ গ্রেডের একজনকে নিয়োগ করা হয়। এতে মুহূর্তেই বিতর্কের সৃষ্টি হয়।
রাত আটটায় জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ শাখার উপসচিব মোহাম্মদ নূর-এ আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে শওকত মাহমুদকে বদলিপূর্বক বর্ণিত পদে প্রেষণে নিয়োগের নিমিত্ত তার চাকরি সংশ্লিষ্ট বিভাগের ন্যস্ত করা হলো৷ তাকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ প্রদান করা হয়েছে। তিনি এর আগে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী (চতুর্থ গ্রেড) হিসেবে কর্মরত ছিলেন।
রাত ১০টায় একই শাখা থেকে উপসচিব মো. রফিকুল হক স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের সেই স্মারকে ঢাকা ওয়াসার প্রধান প্রকৌশলী (চতুর্থ গ্রেড) শওকত মাহমুদকে চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক, স্থানীয় সরকার বিভাগে বদলি করা হয়েছে সেটি বাতিল করা হলো। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।
একটি সূত্র জানিয়েছে, চট্টগ্রাম ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ নিয়ে দীর্ঘদিন নানা জল্পনা কল্পনা চলছে। মঙ্গলবার রাতে হওয়ার নিয়োগে বড় ধরনের অনিয়ম হওয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। তাছাড়া, দেশের কোন ওয়াসার প্রধান প্রকৌশলীকে অন্য ওয়াসার সরাসরি এমডি পদে নিয়োগের নজির নাই। মাঝখানে আরও দুটি পদ ডিঙিয়ে এই নিয়োগ সবাইকে হতবাক করেছে। তাছাড়া যাকে নিয়োগ করা হয়েছিল তিনি চতুর্থ গ্রেডের সরকারি কর্মকর্তা। অথচ চট্টগ্রাম ওয়াসার বর্তমান প্রধান প্রকৌশলী তৃতীয় গ্রেডের।
উল্লেখ, দীর্ঘ ১৪ বছর পর গত বছরের ২৪ মাস প্রথমবারের মতো বিজ্ঞপ্তি প্রকাশ করে চট্টগ্রাম ওয়াসা৷ পরে সেই বিজ্ঞপ্তি কয়েক দফায় সংশোধন করে ২৪ জুলাই পুনরায় প্রকাশ করা হয়। এর আগে ২০১১ সালে এমডি পদ সৃষ্টির পর নিয়োগ পান আওয়ামী লীগের ঘনিষ্ঠ এ কে এম ফজলুল্লাহ৷ পুরো মেয়াদজুড়ে তিনি অসংখ্য বিতর্কের জন্ম দেন। ২০২৪ সালের ৫ আগস্টের পর তার নিয়োগ বাতিল করে তাকে অপসারণ করা হয়। পরে চট্টগ্রামের স্থানীয় সরকার পরিচালককে দায়িত্ব দেওয়া হয়। সেই থেকে দীর্ঘ প্রায় দেড় বছর ধরে স্থায়ী এমডি পাচ্ছিল না সংস্থাটি।