যশোর-৬ (কেশবপুর) আসনে জামায়াতের সংসদ সদস্য মো. মোক্তার আলীকে গালিগালাজ করার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (২৩ মার্চ) রাতে কেশবপুর শহর থেকে ‘মদ্যপ অবস্থায়’ আটক করা হয়। পরে এ ঘটনায় করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়।
গ্রেপ্তার নাঈম হোসেন (৩৭) খুলনা শহরের নিরালা এলাকার চান শরীফের ছেলে। গ্রেপ্তারের সময় তার গাড়ি থেকে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ জব্দ করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কেশবপুরের প্রাণিসম্পদ হাসপাতালের সামনে সড়কের পাশে গাড়ি রেখে ওষুধ কিনছিলেন যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য মোক্তার আলী। তখন সড়কের বিপরীত দিক থেকে গাড়ি নিয়ে আসছিলেন নাঈম হোসেন নামের ওই যুবক। সংসদ সদস্য ওষুধ কিনে তার গাড়ির পাশে আসামাত্র ওই যুবক ‘মদ্যপ অবস্থায়’ তাকে গালিগালাজ শুরু করেন। এ সময় স্থানীয় লোকজন প্রতিবাদ করলে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন যুবক।
পরে সংসদ সদস্যের অনুসারীরা শহরের জামে মসজিদ এলাকায় ওই যুবকের গাড়ি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। তার গাড়ি তল্লাশি করে ১০ গ্রাম গাঁজা ও এক বোতল মদ উদ্ধার করে পুলিশ। পাশাপাশি আটক করে থানায় নেওয়া হয়।
এ বিষয়ে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকদেব রায় বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে। আটক যুবককে মঙ্গলবার সকালে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।