Image description

নেত্রকোনার কেন্দুয়া উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে হঠাৎ করেই পেট্রল ও অকটেন সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় চরম বিপাকে পড়েছে সাধারণ মানুষ। বিশেষ করে মোটরসাইকেল ও ছোট যানবাহনের চালকরা দীর্ঘ সময় অপেক্ষা করেও তেল না পেয়ে ক্ষোভ প্রকাশ করছেন।

সোমবার (২৩ মার্চ) বিকেলে উপজেলার একমাত্র ফিলিং স্টেশনটিতে গিয়ে দেখা যায়, তেল না থাকায়  কার্যত অচল হয়ে পড়েছে হিমালয় ফিলিং স্টেশনটি।

নেত্রকোনা থেকে কিশোরগঞ্জগামী মোটরসাইকেল আরোহী আব্দুর রহমান জানান, আসার পথে রাস্তায় কেন্দুয়াসহ কোনো পাম্পেই তিনি তেল পাননি।

বাইকের তেল শেষ হয়ে যাওয়ায় মাঝপথে আটকে পড়েছেন তিনি।

 

সাংবাদিক রাখাল বিশ্বাস বলেন, ‘আমি আজ বিকেল ৪টার দিকে হিমালয় ফিলিং স্টেশনে গিয়ে দেখি বন্ধ। আমরা যারা মোটর সাইকেল চালাই তারা বড় ভোগান্তিতে আছি।’

অন্যান্য পিকআপ, ট্রাক ড্রাইভার চালকদের দাবি, এটি পাম্প মালিকদের একটি পরিকল্পিত সিন্ডিকেট।

 

তামিম মিয়া নামে এক চালক বলেন, ‘সরকার বলছে তেল সংকট নেই, অথচ পাম্পে এলে তেল পাওয়া যাচ্ছে না। একসঙ্গে সব পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার কথা নয়। এখানে প্রশাসনের নজরদারি প্রয়োজন।’

জ্বালানি সংকটের বিষয়ে হিমালয়  ফিলিং স্টেশনের পরিচালক মিজানুর রহমানের সাথে কথা হলে তিনি বলেন, ‘ডিপো থেকে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ না থাকায় এই পরিস্থিতি তৈরি হয়েছে।

আমাদের প্রতিদিনের পেট্রলের যে চাহিদা তার অর্ধেকের চেয়েও কম পেট্রল পাচ্ছি। সরবরাহ কম থাকায় আমরা গ্রাহকদের চাহিদা মেটাতে পারছি না।’ দ্রুত এই সংকট নিরসন না হলে সাধারণ মানুষের ভোগান্তি আরো দীর্ঘ হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান তিনি।