পবিত্র ঈদুল ফিতর অনুষ্ঠিত হয়েছে গতকাল শনিবার (২১ মার্চ)। অনেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে আবার অনেকে দৈনন্দিন কাজে যানবাহনে চড়েন। কিন্তু সারা দেশে গত ১৮ ঘণ্টায় সড়ক ও রেলপথে বিভিন্ন দুর্ঘটনায় অন্তত ২৩ জন নিহত হয়েছে।
শনিবার (২১ মার্চ) বিকেল ৩টা থেকে রোববার (২২ মার্চ) সকাল ৯টার মধ্যে কুমিল্লা, হবিগঞ্জ, ফেনী, নাটোর, নড়াইল, ঝিনাইদ ও রাঙামাটি জেলায় এসব দুর্ঘটনা ঘটেছে। এশিয়া পোস্টের জেলা প্রতিনিধিদের পাঠানো খবরে এসব তথ্য জানা যায়।
এর মধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে কুমিল্লা বিশ্বরোডের রেলক্রসিংয়ে, যেখানে ট্রেনের ধাক্কায় একটি বাসের ১২ যাত্রী নিহত হয়েছেন। ঈদের আনন্দের মাঝে এসব দুর্ঘটনায় সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লায় ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে নিহত ১২
শনিবার দিবাগত রাত ৩টার দিকে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার জাঙ্গালিয়ার কচুয়ায় পদুয়ার বাজার বিশ্বরোড রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে। গাইবান্ধা ও চাঁপাইনবাবগঞ্জ হয়ে নোয়াখালীগামী মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাস রেলক্রসিংয়ে উঠলে চট্টগ্রাম থেকে আসা ঢাকামুখী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে ভয়াবহ সংঘর্ষ হয়।
ট্রেনের ধাক্কায় বাসটি সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ১২ জন নিহত হন। তাদের মধ্যে ৭ জন পুরুষ, ৩ জন নারী এবং ২ জন শিশু রয়েছে। এ ঘটনায় ২৪ জন আহত হয়েছে।
কুমিল্লা সদর দক্ষিণ থানা পুলিশ, হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা দীর্ঘ সময় উদ্ধারকাজ চালান। ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. ইদ্রিস জানান, রেলক্রসিংয়ে বাস-চালকের অসতর্কতার কারণেই এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
তবে চট্টগ্রাম রেলওয়ে বিভাগের বিভাগীয় ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, ঢাকা মেইল ট্রেনটি যখন লালমাই ক্রস করে, তখনই পদুয়ার বাজার রেলক্রসিংয়ের গেটম্যানের সিগন্যাল পাওয়ার কথা। কিন্তু সেখানে গেটম্যানের সঙ্গে যথাযথ সময়ে যোগাযোগ হয়নি। যখন গেটম্যানের সঙ্গে যোগাযোগ হয়েছে, ততক্ষণে বাসটি ক্রসিংয়ে উঠে গেছে।
ফেনীতে বাস-অ্যাম্বুলেন্স-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ৩
রোববার (২২ মার্চ) ভোর পৌনে ৪টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকায় ত্রিমুখী সংঘর্ষে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও ১১ জন আহত হয়েছেন।
নিহত ব্যক্তিদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে, তারা হলেন মোহাম্মদ মোরশেদ (৩৮) ও মোহাম্মদ সোহাগ (৩৯)। বাকি একজনের পরিচয় পাওয়া যায়নি। তাদের লাশ ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। আহতদের এখন পর্যন্ত নাম-পরিচয় জানা যায়নি।
মহিপাল হাইওয়ে পুলিশের ইনচার্জ আসাদুল ইসলাম জানান, সেতুর সংস্কারকাজ চলার কারণে একটি অ্যাম্বুলেন্স ধীরগতিতে স্পিড ব্রেকার পার হচ্ছিল। এ সময় শ্যামলী পরিবহনের একটি বাস পেছন থেকে অ্যাম্বুলেন্সটিকে ধাক্কা দেয়। এ নিয়ে বাকবিতণ্ডা শুরু হলে সড়কে জটলা তৈরি হয়।
কিছুক্ষণ পর বেপরোয়া গতিতে আসা দোয়েল পরিবহনের আরেকটি বাস ওই জটলার মধ্যে ঢুকে পড়লে বাস, অ্যাম্বুলেন্স ও একটি মোটরসাইকেলের মধ্যে ত্রিমুখী ভয়াবহ সংঘর্ষ হয়। এতে একজন মোটরসাইকেল আরোহী, একটি বাসের সুপারভাইজার ও একজন যাত্রী প্রাণ হারান।
হবিগঞ্জে পিকআপ ভ্যান খাদে পড়ে ৪ জনের মৃত্যু
রোববার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় দ্রুতগতির একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে গেলে চারজন নিহত হন। ঢাকাগামী আসবাববোঝাই পিকআপ ভ্যানটি অন্য একটি যানবাহনকে পাশ দিতে গিয়ে এই দুর্ঘটনার শিকার হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে পুলিশের সদস্যরা দীর্ঘ চেষ্টার পর পিকআপ ভ্যানটি উদ্ধার করে ভেতর থেকে চারজনের মরদেহ বের করেন।
নিহত ব্যক্তিরা হলেন পিকআপ ভ্যানচালক সুনামগঞ্জের শাল্লা উপজেলার ইব্রাহীম (৩৫), কিশোরগঞ্জের আছমা (৪০) ও শিশু সজিব (১২)। নিহত অন্য এক পুরুষের পরিচয় এখনো জানা যায়নি।
নাটোরে বিয়ের আগের দিন হবু বরের মৃত্যু
রোববার সকালে নাটোরের বড়াইগ্রাম উপজেলার গড়মাটি এলাকায় মর্মান্তিক এক সড়ক দুর্ঘটনায় জুলফিকার নামের এক প্রকৌশলীর মৃত্যু হয়েছে। আগামীকাল সোমবার (২৩ মার্চ) তার বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল।
নিহত জুলফিকার আলী পাবনার ঈশ্বরদী উপজেলার নওদাপাড়া এলাকার আনছার হকের ছেলে। তিনি ঢাকার একটি বেসরকারি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, বোন ও দুলাভাইকে আনতে তিনি নিজেই প্রাইভেটকার চালিয়ে পাবনার দাশুড়িয়া থেকে নাটোরের বনপাড়ায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয় এবং ট্রাকের নিচে ঢুকে যায়।
বনপাড়া হাইওয়ে পুলিশের ইনচার্জ মনিরুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাড়ির ভেতর থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি স্বজনদের কাছে হস্তান্তর করা হচ্ছে।
তিন জেলায় নিহত ৩
নড়াইল : শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার ধোন্দা কাজীপাড়া এলাকায় মাগুরা-নড়াইল সড়কে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাব্বী মোল্যা (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। ঈদের নামাজ শেষে বন্ধুদের নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন তিনি। এ ঘটনায় তার বন্ধু রোমান গুরুতর আহত হয়ে খুলনা মেডিকেলে চিকিৎসাধীন আছেন।
ঝিনাইদহ : শনিবার বিকেল ৩টার দিকে সদর উপজেলার কুমড়াবড়িয়া ইউনিয়নের রাওতাইল এলাকায় চলন্ত আলমসাধু (নছিমন) থেকে ছিটকে পড়ে গফুর (১৬) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। সেও বন্ধুদের সঙ্গে ঈদের ঘোরাঘুরিতে বেরিয়েছিল।
নাটোর (হরিশপুর) : শনিবার বিকেলে নাটোর-ঢাকা মহাসড়কের বড় হরিশপুর এলাকায় চলন্ত ট্রাকের বাম্পার থেকে ছিটকে পড়ে মো. লাম (১৫) নামের এক ট্রাক সহকারীর মৃত্যু হয়েছে। একটি বিকল ট্রাককে অন্য ট্রাকটি টেনে নিয়ে যাওয়ার সময় সে দুই ট্রাকের মাঝে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়।
রাঙামাটিতে পর্যটকবাহী মাইক্রোবাস দুর্ঘটনায় আহত ৩
খাগড়াছড়ি থেকে সাজেকে যাওয়ার পথে পর্যটকবাহী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা নিরাপত্তা বেষ্টনীতে ধাক্কা দেয়। এতে তিন পর্যটক আহত হন। আহত ব্যক্তিরা হলেন চুয়াডাঙ্গার মো. সুমন, মো. রবি ও মো. সালাউদ্দিন।
রোববার (২২ মার্চ) সকালে বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাট হাজাছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হঠাৎ মাইক্রোবাসের চাকা নষ্ট হয়ে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ৫৪ বিজিবি বাঘাইহাট ব্যাটালিয়নের সদস্যরা। তারা আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন এবং উন্নত চিকিৎসার জন্য দীঘিনালা সদর হাসপাতালে পাঠান।
এর আগে রোববার ভোরে ঢাকা থেকে বান্দরবানগামী একটি পযটকবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের বান্দরবান বিশ্ববিদ্যালয়ের স্থানীয় ক্যাম্পাসের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।