Image description

পবিত্র ঈদুল ফিতরকে ঘিরে পদ্মা সেতু পাড়ি দিয়ে দক্ষিণবঙ্গের ২১ জেলার মানুষ আপন নীড়ে ফিরতে শুরু করেছেন। এতে মোট টোল আদায় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

 

শুক্রবার (২০ মার্চ) ভোর থেকেই সেতুর উত্তর টোল প্লাজার মুন্সীগঞ্জের লৌহজং এলাকায় যাত্রীবাহী দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি ও মোটরসাইকেলের বাড়তি চাপ লক্ষ্য করা গেছে। সড়কে যানবাহনের চাপ থাকলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের খবর পাওয়া যায়নি। নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছাতে পারছেন যাত্রীরা।

 

সেতু কর্তৃপক্ষ জানায়, ঈদের ছুটির প্রথম দিন ১৭ মার্চ থেকে ২০ মার্চ বিকেল ৫টা পর্যন্ত মোট ১ লাখ ৩৪ হাজার ২৭৭টি যানবাহন পদ্মা সেতু ব্যবহার করেছে। এতে মোট টোল আদায় হয়েছে ১৪ কোটি ৮২ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।

 

এ বিষয়ে পদ্মা সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী আবু সাদ নিলয় বলেন, ঈদকে সামনে রেখে দক্ষিণাঞ্চলের যাত্রীদের চাপ বাড়ছে। আজ সারাদিনই যান চলাচল আরও বৃদ্ধি পেতে পারে। তাই আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে কাজ করছি।

 

তিনি আরও বলেন, সেতু এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক তদারকিতে থাকায় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন রাখতে নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা।