চেক প্রজাতন্ত্রে ইসরায়েলের অন্যতম বৃহৎ অস্ত্র প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘এলবিট সিস্টেমস’-এর সঙ্গে সংশ্লিষ্ট একটি কারখানায় ভয়াবহ অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ইতোমধ্যে দ্য আর্থকোয়েক ফ্যাকশন নামের একটি গোপন গোষ্ঠী (আন্ডারগ্রাউন্ড গ্রুপ) অগ্নিসংযোগের দায় স্বীকার করেছে। এ ঘটনায় চেক কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।
দেশটির পুলিশ ‘সম্ভাব্য সন্ত্রাসী যোগসূত্র’ খতিয়ে দেখছে বলে আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে।
চেক কর্তৃপক্ষ জানিয়েছে, অগ্নিকাণ্ডের শিকার স্থাপনাটি একটি চেক কোম্পানি এবং ইসরায়েলি প্রতিষ্ঠান এলবিট সিস্টেমসের যৌথ পরিচালনায় ছিল। শুক্রবার ভোরে অগ্নিসংযোগে কারখানার বেশ কয়েকটি ভবন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে।
এলবিট সিস্টেমস নিজেদের ইসরায়েলের সামরিক বাহিনীর স্থল ও আকাশপথে ব্যবহৃত অস্ত্রের প্রধান সরবরাহকারী হিসেবে পরিচয় দেয়। তাদের সরবরাহকৃত সামরিক সরঞ্জাম গাজা ও ইরান যুদ্ধে ব্যবহৃত হচ্ছে।
দ্য আর্থকোয়েক ফ্যাশন বার্তা আদান-প্রদানের মাধ্যম টেলিগ্রামে লিখেছে, ‘ইসরায়েলের বৃহত্তম অস্ত্র প্রস্তুতকারকের ইউরোপীয় কার্যক্রমের জন্য এই স্থানটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল। এখন এটি জ্বলছে।’
তারা আরো লিখেছে, ইসরায়েলের সঙ্গে ‘সহযোগী আন্তর্জাতিক সরকারগুলোর কাছে ভিক্ষা চাওয়ার সময় আর নেই... তাদের হত্যার সরঞ্জামগুলো ধ্বংস করতে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নেব।’
সূত্র: আল-জাজিরা