Image description

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ঈদের ছুটিতে বাড়িতে এসে জায়গা সংক্রান্ত বিরোধের জেরে দুবাই প্রবাসী আবদুল মোতালেবের স্ত্রী তাসমিন আরা বেগমকে (৩৮) বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে পুলিশ কনস্টেবল আবদুল ছবুরের (৩৩) বিরুদ্ধে। সম্পর্কে তারা চাচাতো ভাই-বোন।

বুধবার (১৮ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের উত্তর পুরানগড় গ্রামে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে বিষয়টি পুরোপুরি জানাজানি হয়।

এ ঘটনায় মারধরের শিকার তাসমিন আরা বেগম বাদী হয়ে পুলিশ কনস্টেবল আবদুল ছবুরসহ তার তিন ভাই আবদুল খালেক (৫০), আবদুল মালেক (৪৫) ও আবদুল শুক্কুরকে (৪০) বিবাদী করে সাতকানিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযুক্তরা তাসমিন আরা বেগমের চাচাতো ভাই। তার স্বামী আবদুল মোতালেব দুবাই প্রবাসী। তাসমিন ২০২২ সালে তার মামা আবুল বাশরের কাছ থেকে একটি জায়গা ক্রয় করে সেখানে স্থায়ীভাবে বসবাস করে আসছেন। এ ছাড়াও বাড়ির পার্শ্ববর্তী তার নামে ১ শতক নাল জমি রয়েছে। ওই জমিটি আবদুল ছবুর তার ভাইদের প্ররোচনায় দীর্ঘদিন ধরে দখলের অপচেষ্টা করে আসছেন। তারই প্রেক্ষিতে, বুধবার সকাল ১১টার দিকে ছবুর ওই জমিতে যাতায়াতের প্রবেশপথ বন্ধ করে দেন। একইদিন বিকাল সাড়ে ৫টার দিকে তাসমিনের মা বখতিয়ার বেগম বিষয়টি তার ছেলে নেজামুল হককে জানালে অভিযুক্ত ছবুর ক্ষিপ্ত হয়ে তাদরেকে গালিগালাজ করতে থাকেন। এ সময় তাসমিন প্রতিবাদ করলে ছবুর তাকে মারতে তেড়ে আসলে তিনি বাড়িতে ঢুকে যান। এরপর ছবুর দরজা ভেঙে বাড়িতে ঢুকে তাকে বেধড়ক মারধর করেন। তাকে বাঁচাতে খালা শামসুন্নাহার এগিয়ে আসলে তাকেও মারধর করা হয়।

মারধরের শিকার তাসমিন আরা বেগম বলেন, আবদুল ছবুর বাড়িতে ঢুকে আমাকে বেধড়ক মারধর এবং আমার খালাকে কিল, ঘুষি ও ধাক্কা দিয়েছেন। তিনি পুলিশে চাকরির সুবাদে জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে আমার মতো একজন নিরীহ নারীর সঙ্গে জুলুম করছেন। আমি তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

তাসমিন আরা বেগমের প্রতিবেশী শহিদুল ইসলাম বলেন, ঘটনার সময় আমি ইফতারের জন্য যাচ্ছিলাম। এ সময় দেখলাম ছবুর একটা গাছ নিয়ে নারীর উপর হামলা করতেছে। তখন আমি তাকে সরিয়ে দিয়েছি।

তাসমিন আরা বেগমের ভাই নেজামুল হক বলেন, আবদুল ছবুর আমার বোনকে বেধড়ক মারধর করেছেন। এতে তার শরীরের বিভিন্ন জায়গায় জখম হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদের পাশাপাশি দোষীদের দ্রুত সময়ের মধ্যে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।

অভিযোগের বিষয়ে কনস্টেবল আবদুল ছবুরের বলেন, আমি ঈদের ছুটিতে বাড়িতে এসেছি। তাসমিন আরা বেগম আমার চাচাতো বোন। আমার চাচি ও বোন আমাদেরকে সর্বদা অকথ্য ভাষায় গালিগালাজ করেন। ওইদিন ইফতারের আগমুহূর্তে আমি নতুনহাট থেকে বাড়িতে ফিরছিলাম। সেসময় তারা আমাকে উদ্দেশ্য করে গালিগালাজ করলে তাদের সঙ্গে আমার বাকবিতণ্ডা হয়। ওই সময় আমি কাউকে মারধর করিনি। তারা আমার সম্মানহানি করার জন্য মিথ্যা অভিযোগ তুলছেন।

সাতকানিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, এ সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। প্রাথমিক তদন্তে বিষয়টি জায়গা সংক্রান্ত বিরোধ বলে জানতে পেরেছি। অধিকতর তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।