Image description

ব্রাহ্মণবাড়িয়ায় পারিবারিক বিরোধের জেরে দেবরকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ভাবির বিরুদ্ধে। এ ঘটনার পর অভিযুক্ত পলাতক রয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে সরাইল উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের দত্তপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

নিহত সুমন মিয়া (৩০) ওই গ্রামের গোলাপ মিয়ার ছেলে। তিনি স্থানীয়ভাবে একটি ব্যাটারিচালিত অটোরিকশাগ্যারেজ পরিচালনা করতেন।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে সুমনের কয়েকজন বন্ধু মোটরসাইকেল নিয়ে তার বাড়িতে আসেন। তারা বাড়ির পথে ইমোটরসাইকেল রাখলে সুমনের চাচাতো ভাইয়ের স্ত্রী রুমানা বেগম আপত্তি জানান। এ নিয়ে প্রথমে কথা কাটাকাটি হলেও সুমনের বন্ধুরা মোটরসাইকেল সরিয়ে নিয়ে চলে যান। পরে বিষয়টি নিয়ে সুমনের মা ও রুমানা বেগমের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়।

 
 

 

পরবর্তীতে সুমন ঘটনাস্থলে এসে মায়ের সঙ্গে দুর্ব্যবহারের কারণ জানতে চাইলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। একপর্যায়ে রুমানা বেগম ঘর থেকে ধারালো দা এনে সুমনের ওপর হামলা চালান। এতে তার বুকে, হাতে ও কপালে গুরুতর আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে পথেই তার মৃত্যু হয়।

 

এ বিষয়ে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভুঁইয়া জানান, দায়ের আঘাতেই সুমনের মৃত্যু হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্ত রুমানা বেগমকে গ্রেপ্তারে অভিযান চলছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।