Image description

রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুর রেলওয়ে ব্রিজে ট্রেনের ছাদে থাকা অবস্থায় ব্রিজে ধাক্কা লেগে এক অজ্ঞাতনামা যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

 

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে পোড়াদহ থেকে ছেড়ে আসা গোয়ালন্দ ঘাটগামী একটি শাটল (লোকাল) ট্রেন কালিকাপুর রেলওয়ে ব্রিজসংলগ্ন এলাকায় পৌঁছালে এ দুর্ঘটনা ঘটে।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেনের ছাদে থাকা ওই যুবক ব্রিজের সঙ্গে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়ে ট্রেনের ওপরই পড়ে থাকেন। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পরে ট্রেনটি দুপুর ২টা ৩৮ মিনিটের দিকে কালুখালী রেলওয়ে জংশন স্টেশনে পৌঁছালে রেলওয়ে পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি নামানো হয়। এ ঘটনায় সাময়িকভাবে প্রায় ১২ মিনিট ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে।

 

কালুখালী সহকারী স্টেশন মাস্টার রতন সেন বলেন, ‘ট্রেনটি স্টেশনে ঢোকার পর ছাদের ওপর একটি মরদেহ দেখতে পাই। পরে সেটি উদ্ধার করে স্টেশনে রাখা হয় এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।’

 
 

 

এ বিষয়ে রাজবাড়ী জিআরপি থানার সাব-ইন্সপেক্টর মো. লিটন এশিয়া পোস্টকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এখনও পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তে কাজ চলছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

 

ঈদকে কেন্দ্র করে অতিরিক্ত যাত্রীর চাপের কারণে ট্রেনের ছাদে ভ্রমণের প্রবণতা বাড়লেও এ ধরনের ঝুঁকিপূর্ণ যাত্রা যে কতটা প্রাণঘাতী হতে পারে—এই দুর্ঘটনা তারই আরেকটি নির্মম উদাহরণ হয়ে রইল।