লক্ষ্মীপুরের রায়পুরে নতুন জামায় ঈদ করা হলো না শিশু ফাইজা আক্তারের। মায়ের সঙ্গে মার্কেট করে বাড়ির সামনে এসে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৬ বছরের শিশুটি।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকাল ৫টার দিকে রায়পুরের সীমান্তবর্তী রামগঞ্জের এনায়েতপুর এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। নিহত ফাইজা একই এলাকার সৌদি প্রবাসী বাচ্চু পাটোয়ারীর মেয়ে। সন্ধ্যায় নিহত ফাইজাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
নিহতের স্বজন জুবায়ের জানান, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মায়ের সঙ্গে রামগঞ্জ শহরে ঈদের বাজার শেষে বাড়ির সামনে আসে। এ সময় অটো থেকে নেমেই মায়ের আগে ঘরে যেতে রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপ ভ্যান চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। রায়পুর সরকারি হাসপাতালে নিলে কর্তব্যরত ডাক্তারও মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রামগঞ্জ থানার ওসি ফিরোজ উদ্দীন চৌধুরী বলেন, পরিবারের আবেদনের কারণে মানবিক কারণে লাশ ময়নাতদন্ত করা হয়নি। পিকআপ চালককে তারা ক্ষমা করে দিয়েছে।