পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর প্রতি শুভেচ্ছা জানিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ও সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। একই সঙ্গে তিনি মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে চলমান সংঘাত ও সহিংসতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১৯ মার্চ) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই উদ্বেগ প্রকাশ করেছেন।
ডা. শফিকুর রহমান পোস্টে উল্লেখ করেছেন, ‘পবিত্র ঈদুল ফিতরে সমগ্র বিশ্বের মুসলিম ভাই-বোনদের প্রতি আন্তরিক শুভেচ্ছা জ্ঞাপন করছি। খোশ আমদেদ সকলের তরে। যদিও এবারকার পুরো রমাদানজুড়ে মুসলিম বিশ্বের গুরুত্বপূর্ণ অনেক দেশ যুদ্ধের দাবানলে জ্বলে-পুড়ে ছাই হচ্ছে। আমাদের অন্তরে রক্তক্ষরণ চলছে।’
তিনি আরও লিখেন, আল্লাহ তাআলা সমস্ত জুলুমের হাত থেকে দেশে দেশে মুসলিমদের রক্ষা করুন, মজলুমদের সাহায্যকারী হোন এবং দুনিয়ায় শান্তির ফয়সালা দান করুন। মানবজাতির ওপর রাব্বুল আলামিন রহম করুন। যুদ্ধ সমাধান নয়; যুদ্ধ কল্যাণের চেয়ে ধ্বংসই বেশি ডেকে আনে। চলমান এই পরিস্থিতিতে জুলুমের শিকার হয়ে যারা নিহত হয়েছেন, আল্লাহ তাআলা তাদের শহীদ হিসেবে কবুল করুন।’
সবশেষে সংসদের বিরোধীদলীয় এই নেতা লিখেন, ‘আহত, পঙ্গু ও ক্ষতিগ্রস্তদের ওপর আল্লাহ তাআলা সহায় হোন। সকলের সুস্বাস্থ্য ও নেক হায়াত কামনা করছি। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম।’