বিশ্বের বিভিন্ন দেশে আজ থেকেই শুরু হয়েছে মুসলিম উম্মাহর প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। তবে ভৌগোলিক অবস্থান ও চাঁদ দেখার ওপর ভিত্তি করে বরাবরের মতোই ভিন্ন ভিন্ন দিনে ঈদ উদযাপন হচ্ছে। ২০২৬ সালের ঈদুল ফিতর ইতোমধ্যে তিন দেশে শুরু হলেও অধিকাংশ দেশ ২০ ও ২১ মার্চ ঈদ উৎসব পালনের প্রস্তুতি নিচ্ছে।
বুধবার (১৮ মার্চ) শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার এবং মালি—এই তিন দেশে আজ (বৃহস্পতিবার) আনন্দঘন পরিবেশে ঈদুল ফিতর উদযাপিত হচ্ছে। চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত হওয়ার পরপরই এই দেশগুলোর কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে ঈদের ঘোষণা দেয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম খালিজ টাইমস।
মধ্যপ্রাচ্যের দেশগুলোসহ বিশ্বের একটি বড় অংশ আগামীকাল ২০ মার্চ (শুক্রবার) ঈদুল ফিতর উদযাপনের ঘোষণা দিয়েছে। সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইন এবং তুরস্কের মতো দেশগুলোতে বুধবার চাঁদ দেখা না যাওয়ায় সেখানে রমজান ৩০ দিন পূর্ণ হচ্ছে। ফলে শুক্রবার দেশগুলোতে উদযাপিত হবে পবিত্র ঈদ।
অন্যদিকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ সিঙ্গাপুরে শনিবার (২১ মার্চ) ঈদুল ফিতর উদযাপন হবে।
এ ছাড়া বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় শাওয়াল মাসের চাঁদ দেখার প্রচেষ্টা চালানো হবে। মাগরিবের নামাজের পর চাঁদ দেখা গেলে শুক্রবার (২০ মার্চ) ঈদ উদযাপিত হবে। তবে আজ চাঁদ দেখা না গেলে ৩০ রোজা পূর্ণ করে পরদিন তথা শনিবার ঈদ উদযাপন হবে।