Image description

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানিয়ে চিঠি দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) তারেক রহমানকে দেওয়া এক চিঠিতে তিনি এই শুভেচ্ছা জানান।

ঢাকার ভারতীয় হাইকমিশন এ তথ্য নিশ্চিত করেছে।

ঈদ মোবারক জানিয়ে শুভেচ্ছা বার্তায় নরেন্দ্র মোদি বলেন, ‘ভারতের জনগণ ও সরকারের পক্ষ থেকে পবিত্র ঈদুল ফিতরের এ আনন্দঘন মুহূর্তে আপনাকে এবং বাংলাদেশের ভ্রাতৃপ্রতিম জনগণকে জানাই আন্তরিক শুভেচ্ছা।

বিগত এক মাস ধরে ভারতসহ বিশ্বের মুসলিমরা পবিত্র রমজান মাস পালন করেছেন এবং রোজা ও প্রার্থনার মাধ্যমে পুণ্যময় সময় অতিবাহিত করেছেন উল্লেখ করে নরেন্দ্র মোদি বলেন, ঈদুল ফিতরের এ উদযাপন আমাদের সহানুভূতি, ভ্রাতৃত্ব ও সংহতির চিরন্তন মূল্যবোধকে স্মরণ করিয়ে দেয়।

ভারতের প্রধানমন্ত্রী বলেন, আমরা বিশ্বজুড়ে মানুষের শান্তি, সম্প্রীতি, সুস্বাস্থ্য ও সুখের জন্য আশা ও প্রার্থনা করি। আমাদের দেশগুলোর মধ্যে বন্ধুত্ব ও সৌহার্দ্যের বন্ধন আরো দৃঢ় হোক। আমার সর্বোচ্চ বিবেচনার নিশ্চয়তা গ্রহণ করুন।

শীর্ষনিউজ