Image description

যুদ্ধবিধ্বস্ত গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ তাদের সর্ববৃহৎ মিশন পরিচালনার ঘোষণা দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বুধবার (১৮ মার্চ) জানানো হয়েছে, তারা গাজার ওপর ইসরায়েলি অবরোধ চ্যালেঞ্জ করতে ১০০টির বেশি নৌযান এবং স্থলপথে বিশাল সমাবেশের পরিকল্পনা করছে।

বিশ্বখ্যাত জলবায়ু কর্মী গ্রেটা থানবার্গ এবং দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের নেতা নেলসন ম্যান্ডেলার নাতি মান্ডলা ম্যান্ডেলা সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিও বার্তায় এই নতুন মিশনের ঘোষণা দেন। তারা বলেন, এটি গাজার বর্তমান মানবিক সংকটে বিশ্বজুড়ে সাধারণ মানুষের এক গুরুত্বপূর্ণ সংহতিমূলক পদক্ষেপ।

ফ্লোটিলার মূল লক্ষ্য হলো গাজার ওপর দীর্ঘকাল ধরে চলা ‘অবৈধ ইসরায়েলি অবরোধ’ সরাসরি মোকাবিলা করা। গ্রেটা ও মান্ডেলা জানিয়েছেন, এ মিশনে ১০০টিরও বেশি দেশের প্রতিনিধি অংশ নেবেন। তারা শুধু ত্রাণ পৌঁছে দেবে না, বরং গাজার মানুষের ওপর চলা অন্যায়ের বিরুদ্ধে আন্তর্জাতিক সচেতনতা তৈরি করতেও লক্ষ্য রাখছে।

ভিডিও বার্তায় মান্ডলা ম্যান্ডেলা বলেন, মিশনটি গাজার মানুষের অটল মনোবল বা ‘সুমুদ’কে সম্মান জানাতে উৎসর্গ করা হয়েছে। তাদের মতে, যখন বিশ্বনেতারা সাধারণ নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হচ্ছেন, তখন সাধারণ মানুষের সম্মিলিত প্রচেষ্টা গুরুত্বপূর্ণ।

মিশনে বিভিন্ন দেশের সামাজিক কর্মী, চিকিৎসক, সাংবাদিক ও মানবাধিকার কর্মীদের অংশগ্রহণের আশা করা হচ্ছে। নৌপথে গাজার জলসীমায় প্রবেশের এই প্রচেষ্টা আন্তর্জাতিক রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিতে পারে।

এর আগেও গাজায় সাহায্য পাঠানোর প্রচেষ্টা ইসরায়েলি সামরিক বাধার মুখোমুখি হয়েছে। তবে ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’ এবার পূর্বের চেয়ে অনেক বেশি সংগঠিত ও বৃহৎ পরিসরে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে। তারা জানিয়েছে, আন্তর্জাতিক আইনের অধীনে গাজার মানুষকে সাহায্য করা তাদের অধিকার, এবং তারা এই লক্ষ্য থেকে সরে আসবে না।

গাজার বর্তমান ভয়াবহ পরিস্থিতিতে এই ত্রাণবাহী নৌবহর কতটা সফল হবে, সেটাই এখন দেখার বিষয়।

ঢাকাটাইমস