Image description

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়েছে। বুধবার (১৮ মার্চ) বিকাল পৌনে ৩টার দিকে ছাতিয়ানগ্রাম স্টেশনের দক্ষিণে একটি ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে। ট্রেনটি ঢাকা থেকে চিলাহাটির উদ্দেশে যাচ্ছিল। চালকের অবহেলায় এ দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 

রেলওয়ে ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুর্ঘটনাস্থলে রেললাইনের সংস্কার কাজ চলছিল এবং আগেই সতর্কতা হিসেবে লাল পতাকা টানানো ছিল। নিয়ম অনুযায়ী ট্রেনটির ধীরগতিতে অতিক্রম করার কথা থাকলেও চালক দ্রুতগতিতে ট্রেন চালিয়ে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর ঘটনাস্থলে ট্রেনের কোনো স্টাফকে পাওয়া যায়নি বলেও জানিয়েছেন পুলিশ সদস্যরা।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ১৫-২০ দিন ধরে ওই এলাকায় রেললাইন সংস্কারের কাজ চলছিল। ঘটনাস্থলের প্রায় এক কিলোমিটার আগে থেকেই সতর্ক সংকেত দেওয়া ছিল। তবে ট্রেনটি সেই সংকেত অমান্য করে দ্রুতগতিতে প্রবেশ করলে ইঞ্জিন পার হয়ে গেলেও একে একে বগিগুলো লাইনচ্যুত হয়ে পড়ে। এতে আতঙ্কিত হয়ে ছাদে থাকা যাত্রীরা লাফিয়ে নামতে গিয়ে আহত হন।

 

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম বলেন, ‘লাল পতাকা দিয়ে কাজ চলছিল। সেই অবস্থায় ট্রেন ঢুকে পড়ায় দুর্ঘটনা ঘটে।’

 
 

 

সান্তাহার রেলওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মাহফুজুর রহমান বলেন, লাইনের কাজ চলছিল এবং সামনে লাল পতাকা দেওয়া ছিল। কিন্তু চালক দ্রুতগতিতে আসায় ট্রেনের ৯টি বগি লাইনচ্যুত হয়।

 

এসআই জানান, এখন পর্যন্ত মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি, তবে ছাদে থাকা অনেক যাত্রী পড়ে গিয়ে আহত হয়েছেন।

 

নওগাঁ ফায়ার সার্ভিসের পরিদর্শক রেজাউল করিম বলেন, চারটি ইউনিট উদ্ধারকাজে অংশ নিয়েছে। এখন পর্যন্ত ৪৭ জনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে পাঠানো হয়েছে, তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। এ ছাড়া স্থানীয়রাও আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করেছেন।

 

বগুড়ার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ বলেন, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনাস্থলে পর্যাপ্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের অনেকেই প্রাথমিক চিকিৎসা নিয়ে গন্তব্যে ফিরে গেছেন।

 

ট্রেনের ৯ বগি লাইনচ্যুত হওয়ার ঘটনায় চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ রেলওয়ে। সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ রেলওয়ে রাজশাহী পশ্চিমাঞ্চল জোনের প্রধান প্রকৌশলী আহম্মদ হোসেন মাসুম। তিনি জানান, দুর্ঘটনার প্রকৃত কারণ উদ্‌ঘাটনে উচ্চ পর্যায়ের এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

 

দ্রুত সময়ের মধ্যে রেললাইন সংস্কার করে ট্রেন চলাচল স্বাভাবিক করতে কাজ চলছে বলেও জানান তিনি। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন তিনি।

 

রেলওয়ে সূত্রে জানা গেছে, পাবনার ঈশ্বরদী থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছেছে এবং উদ্ধার কার্যক্রম শুরু হয়েছে। উদ্ধারকাজ শেষ হতে রাত সাড়ে ১২টা থেকে ১টা পর্যন্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে।

 

সান্তাহার স্টেশন মাস্টার খাদিজা খানম এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘রিলিফ ট্রেন এসেছে, উদ্ধারকাজ চলছে।’