সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় চাঁদা না পেয়ে বীর মুক্তিযোদ্ধার বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনায় স্থানীয় যুবদল নেতা নিজাম উদ্দিনকে গ্রেপ্তারের পর কারাগারে পাঠানো হয়েছে।
বুধবার (১৮ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলা আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়। মঙ্গলবার (১৭ মার্চ) গভীর রাতে নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
নিজাম উদ্দিন জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের বাসিন্দা। তিনি রানীগঞ্জ ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক।
এর আগে রোববার রাতে রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের ছেলে আব্দুল গফ্ফার জগন্নাথপুর থানায় নিজাম উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজি, ভাঙচুর ও লুটপাটের মামলা করেন।
রোববার যুবদল নেতা নিজাম উদ্দিনের নেতৃত্বে বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ খাঁনের নামে বন্দোবস্তকৃত ভূমি দখলের চেষ্টা করা হয়। এ সময় তার পরিবারের বসতঘর ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। বসতঘর ভাঙচুর ও লুটপাটের আগে মুক্তিযোদ্ধার পরিবারের কাছে চাঁদা দাবি করেছিলেন যুবদল নেতা নিজাম উদ্দিন।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর নিজাম উদ্দিনকে গ্রেপ্তার করা হয়। ঘটনার সঙ্গে জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।