Image description

বরিশালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আবারও প্রকাশ্যে কর্মসূচি পালন করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে দিবসটি পালনে আলোচনা সভা, দোয়া এবং ইফতার কর্মসূচি পালন করে তারা।

বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও সিটি করপোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজিব হোসেন খান বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালনে এ কর্মসূচি আয়োজন করে। এমন একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করেছে ছাত্রলীগের নেতাকর্মীরা।

 

ভিডিওতে দেখা যায়, কাউনিয়া থানা এলাকার কোনো একটি শিক্ষাপ্রতিষ্ঠানের শহীদ মিনারে দোয়া মোনাজাত কর্মসূচি পালন করেছে ছাত্রলীগ। মোনাজাত শেষে বিভিন্ন স্লোগানও দেয় তারা।

 
 

কাউনিয়া থানার অফিসার ‍ইনচার্জ রফিকুল ‍ইসলাম জানান, নগরীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ‍উপলক্ষে ছাত্রলীগের কর্মসূচি পালনের কোনো তথ্য জানা নেই। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হবে বলে জানান তিনি।

 

এর আগে ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে নগরীর বধ্যভূমিতে আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া মোনাজাত আয়োজন করে ছাত্রলীগ নেতা রাজিব খান। সেই ঘটনায় গোটা নগরজুড়ে আলোচনা সমালোচনার মধ্যেই বঙ্গবন্ধুর জন্মদিনে আবারও প্রকাশ্যে আলোচনা সভা ও ইফতার মাহফিল করেছে নিষিদ্ধ ছাত্রলীগ।