Image description

দেশের জনপ্রিয় লোকসংগীতশিল্পী কুদ্দুস বয়াতি। ‘এই দিন দিন না আরও দিন আছে’- গানটি দিয়ে বাংলাদেশের মানুষের কাছে ব্যাপক পরিচিতি পান। এরপর গেয়েছেন অনেক শ্রোতাপ্রিয় গান। নানা সময়ে নানা কারণে আলোচনায় এসেছেন কুদ্দুস বয়াতি।

 

বর্তমানে গানের জগতে বিচরণ কম হলেও সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় খ্যাতিমান এই লোকসংগীতশিল্পী। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিয়মিত বিভিন্ন ইস্যুতে পোস্ট করতে দেখা যায় তাকে। বিভিন্ন প্রবাদ ও উপদেশমূলক কথাও লেখেন।

 

সোমবার (১৬ মার্চ) রাত ১০টায় ফেসবুক ভেরিফায়েড অ্যাকাউন্টে একটি হাস্যরসাত্মক ছবি পোস্ট করেছেন কুদ্দুস বয়াতি। পোস্টে দেখা যায়, ফুটপাতে বসে নতুন টাকার নোট বিক্রি করছেন তিনি। তবে এতেই শেষ নয়; ছবিতে তার পেছনে থাকা ব্যানারে লেখা―বাংলাদেশের নাম্বার ওয়ান বেস্ট গায়ক কুদ্দুস বয়াতি- নতুন টাকার নোট বিক্রেতা। তাজা ও নতুন নোট।

 

এ ছাড়া গায়ক তার ছবির ক্যাপশনে রসিকতা করে লিখেছেন, ফেসবুক ইনকামে লাল বাত্তি, তাই ফুটপাত ব্যাংক খুলে বসলাম (কুদ্দুস ভাইয়ের কচ কচা টাকার ব্যাংক। হেড অফিস- গুলিস্তান ফুটপাত। (বি. দ্র : আমার আর কোনো শাখা নাই)। আগে আসলে কমে পাবেন, পরে আসলে হারাবেন।

 
 

 

প্রসঙ্গত, শৈশব থেকে গান-বাজনার প্রতি ভীষণ অনুরাগী ছিলেন কুদ্দুস বয়াতি। মহুয়া, মলুয়া, দেওয়ান বাদশা, কাঞ্চন বাদশা, হাতেমতাইয়ের মতো বিভিন্ন পালাগানের আসর মাতিয়ে থাকেন তিনি। তবে ১৯৯২ সালে বিশিষ্ট কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘এই দিন দিন না, আরও দিন আছে’ গানটি গাওয়ার পর তারকা খ্যাতি লাভ করেন। তারপর লোকসংগীতে নিজের অবস্থান পাকাপোক্ত করেন এ শিল্পী।