আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম পর্যটন কেন্দ্র কুয়াকাটায় পর্যটক বরণের প্রস্তুতি নিচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। রমজান মাসজুড়ে পর্যটক কম থাকায় লোকসানের মুখে পড়লেও ঈদের ছুটিতে সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার আশা করছেন তারা। একই সঙ্গে পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুতির কথা জানিয়েছে ট্যুরিস্ট পুলিশ।
প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পরিচিত কুয়াকাটা সমুদ্রসৈকত সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটি দৃশ্য একসঙ্গে দেখার বিরল সুযোগের জন্য পর্যটকদের কাছে বিশেষ আকর্ষণীয়। প্রতি বছরের মতো এবারও ঈদের ছুটিতে এখানে পর্যটকদের ভিড় বাড়বে বলে ধারণা করা হচ্ছে।
এ উপলক্ষে আবাসিক হোটেল, মোটেল, রেস্তোরাঁসহ পর্যটনসংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে প্রস্তুত করা হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা জানান, রমজান মাসে ব্যবসা মন্দা থাকলেও ঈদের সময় পর্যটকদের ব্যাপক সমাগম হবে বলে তারা আশাবাদী।
ঈদের ছুটিতে কুয়াকাটার জিরো পয়েন্ট, শুটকি পল্লী, ঝাউবন, চরবিজয়, গঙ্গামতির লেক, লেম্বুর বন, মিশ্রীপাড়া শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার ও রাখাইন পল্লীসহ বিভিন্ন পর্যটন স্পটে দর্শনার্থীদের ভিড় বাড়বে বলে মনে করা হচ্ছে।
কুয়াকাটা হোটেল-মোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আব্দুল মোতালেব শরীফ বলেন, নির্বাচন-পরবর্তী সময় ও রমজান মাসে পর্যটক কম ছিল। তবে ঈদের সরকারি ছুটিতে পর্যটকের সংখ্যা বাড়বে বলে আশা করা হচ্ছে, যা আগের ক্ষতি পুষিয়ে নিতে সহায়ক হবে।
ট্যুরিস্ট পুলিশের কুয়াকাটা জোনের সহকারী পুলিশ সুপার মো. হাবিবুর রহমান জানান, ঈদ উপলক্ষে আসা পর্যটকদের নিরাপত্তা নিশ্চিতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।