Image description

ইরাকের বাগদাদে মার্কিন সেনাদের অবস্থান লক্ষ্য করে ইরানের মিসাইল হামলায় হবি মিয়া পাইক নামের বাংলাদেশি প্রবাসী এক যুবক নিহত হয়েছেন। নিহতের স্ত্রী এ তথ্য নিশ্চিত করেন।

নিহত হবি মিয়া পাইক (৩৭) মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা গ্রামের নলি মিয়া পাইকের ছেলে। তার স্ত্রীর খাদিজা আক্তার নিতু ও হাবিবা (১৬) ও নাফিজা (১০) নামের দুই কন্যাসন্তানের জনক।

নিহতের স্ত্রী খাদিজা আক্তার নিতু বলেন, ‘আমার স্বামী গত ১০ বছর ধরে ইরাকে আছেন। সেখানে বিভিন্ন কাজ করতেন। সর্বশেষ গত শুক্রবার (১৩ মার্চ) আমার সঙ্গে তার কথা হয়। পরবর্তীতে তাকে আর ফোনে পাইনি।

পরে তার সাথে থাকা অন্য প্রবাসীরা গতকাল রাতে আমাকে হামলায় মৃত্যুর খবর জানান। হামলায় তার দুই পা ও বুকে প্রচণ্ড আঘাত লাগে। স্বামীর মরদেহ দ্রুত সময়ের মধ্যে দেশে আনার ব্যবস্থার দাবি জানান তিনি।’

 

জেলা জনশক্তি ও কর্মসংস্থান অফিসের সহকারী পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) কার্ত্তিক চন্দ্র দেবনাথ বলেন, ‘এ বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি।

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় মরদেহ দেশে আনার জন্য সকল ব্যবস্থা নেওয়া হবে।’