Image description

পাবনার ভাঙ্গুড়ায় নিষিদ্ধ ছাত্রলীগের ইফতারের আয়োজন ও জয় বাংলা স্লোগানের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সোমবার (১৬ মার্চ) রাতে সম্রাট ইমরান সিরাজ নামে এক যুবকের আইডি থেকে এই ভিডিও পোস্ট করা হয়। পোস্টে ওই যুবক লেখেন—‘পাবনা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সীমান্তের নির্দেশনায় ভাঙ্গুড়া উপজেলা ছাত্রলীগের ইফতার। ইফতার শেষে জয় বাংলা স্লোগানে মুখরিত।

’ 

 

ভিডিওতে দেখা যায়, অর্ধশতাধিক ছাত্রলীগ নেতাকর্মী ভাঙ্গুড়া মহিলা ডিগ্রি কলেজ মাঠে এই ইফতারের আয়োজন করে। এতে মাঠের মধ্যে বৃত্তাকারে নেতাকর্মীরা ইফতার করে। ইফতার শেষে নানা স্লোগান দেন তারা। পরে স্থানীয় ছাত্রলীগ নেতাকর্মীরাও এই ভিডিও শেয়ার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

 

এ বিষয়ে কথা বলতে কলেজের অধ্যক্ষ মোস্তফা কামালের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেও পাওয়া যায়নি। তবে পৌর ছাত্রদলের সভাপতি রাসেল রানা পিন্টু বলেন, বিষয়টি আমার জানা ছিল না। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সঙ্গে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি।

 

ভাঙ্গুড়া থানার ওসি (তদন্ত) আরিফুল ইসলাম জানান, বিষয়টা জেনেছি। আইনগত ব্যবস্থা নেওয়া হবে।