Image description

ইসরায়েলের সাইবার-প্রযুক্তি কেন্দ্র ও অস্ত্র কারখানায় হামলা চালানোর কথা জানিয়েছে ইরান। এছাড়া উত্তর ইসরায়েলে বড় ধরনের বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

মঙ্গলবার (১৭ মার্চ) এ সংবাদ প্রকাশ করেছে আলজাজিরা।

 

ইরানের তাসনিম নিউজ এজেন্সি দেশটির সেনাবাহিনীর বরাত দিয়ে জানিয়েছে, ইরান ইসরায়েলি পুলিশের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং অস্ত্র উৎপাদন কারখানাগুলোতে হামলা করেছে।

 

ইরানি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের সেনাবাহিনী আজ সকাল থেকে ইসরায়েলে ড্রোন হামলা করছে। জায়নবাদী সরকারের সাইবার-প্রযুক্তি কেন্দ্র এবং রাফায়েল অস্ত্র উৎপাদন কমপ্লেক্সকে লক্ষ্য করে আক্রমণ করা হয়েছে।

অপরদিকে ইসরায়েলি গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী, ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরান থেকে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ শনাক্ত হওয়ার পর উত্তর ইসরায়েলে বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

 

ইসরায়েলি হোম ফ্রন্ট কমান্ড আরও জানিয়েছে, ইরান থেকে ক্ষেপণাস্ত্র হামলার পর নাহারিয়া এবং উত্তর-পশ্চিমের শহরগুলোতে সাইরেন বাজছে।