রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় রাকিবুল ইসলাম (২৭) নামে এক কনটেন্ট ক্রিয়েটরকে প্রকাশ্যে চার গুলি করার পর ছুরিকাঘাত করা হয়েছে। আজ রবিবার (১৫ মার্চ) রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
প্রাথমিকভাবে জানা গেছে, রাতে হঠাৎ এক যুবক কেন্দ্রীয় শহীদ মিনারে প্রকাশ্যে চার রাউন্ড গুলি করে। ওই সময় রাকিবুল ইসলাম গুরুতর আহত হন। পরে জরুরি চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়।
এ ঘটনায় জড়িত একজনকে পথচারীরা ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের কাছে দেন। পরে প্রক্টরিয়াল টিম তাকে পুলিশের কাছে সোপর্দ করে। তার নাম সিহাব হোসেন। বাড়ি খুলনায় বলে জানা গেছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমদ জানান, গুলির ঘটনার পর প্রক্টরিয়াল টিমের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে একজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। বর্তমানে শাহবাগ থানা পুলিশ বিষয়টি দেখছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, ওখানে যা হয়েছে, তা এখন আমরা দেখছি। এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেউ জড়িত নয়। যে গুলি করেছে এবং যে আহত হয়েছে, দুজনেই বাইরের। পুলিশ একজনকে আটক করেছে।