ছাত্র-জনতার গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্যে গঠিত জাতীয় নাগরিক পার্টি এনসিপির সামনে সবচেয়ে বড় বাধা এনসিপি নিজেই—এমন মন্তব্য করেছেন দলটির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।
শনিবার (১৪ মার্চ) এশিয়া পোস্টে তার এক সাক্ষাৎকার প্রকাশ হয়। এতে তিনি জানান, আমার মনে হয় এনসিপির সবচেয়ে বড় বাধা এনসিপি নিজেই।
কারণ হিসেবে সরোয়ার তুষার বলেন, দলের অধিকাংশ নেতা প্রায় একই বয়সি। ফলে চেইন অব কমান্ড বজায় রাখা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। আমাদের আহ্বায়ক অত্যন্ত মুনশিয়ানার সঙ্গে সংগঠন পরিচালনা করছেন।
এ সময় তিনি সতর্ক করে বলেন, অভ্যন্তরীণ প্রতিযোগিতা যেন সংগঠনকে দুর্বল না করে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। এই মুহূর্তে সমাজে বিকশিত হওয়ার সব সুযোগ আমাদের আছে। আমাদের সুযোগটা কাজে লাগাতে হবে।
জুলাই গণঅভ্যুত্থানের সময় সক্রিয় ভূমিকার মাধ্যমে আলোচনায় আসেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। পরবর্তীতে বিভিন্ন রাজনৈতিক ও সমসাময়িক ইস্যুতে আলোচনায় বক্তা হিসেবে পরিচিতি পেয়েছেন। সর্বশেষ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে নরসিংদী-২ আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করেন।