মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে আলমগীর হাওলাদার নামে একজনকে কুপিয়ে হত্যার বিচার দাবিতে সদর থানার সামনে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন এলাকার নারীরা। রোববার (১৫ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে নিহতের স্বজনসহ কয়েক শতাধিক নারী-পুরুষ জড়ো হয়ে হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন করেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে সদর থানার সামনে যান। এ সময় থানার প্রধান গেট বন্ধ করে দেওয়া হয়।
বিক্ষোভ মিছিল থেকে হত্যা মামলার প্রধান দুই আসামি জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক লাভলু হাওলাদার ও জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুলসহ হত্যাকারীদের ফাঁসির দাবি জানিয়ে স্লোগান দেন বিক্ষোভকারীরা। পরে হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির আশ্বাস দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় ইতোমধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিরা যেখানেই থাকুক, আইনের আওতায় আনা হবে।
গত ১০ মার্চ সকালে মাদারীপুর সদর উপজেলার নতুন মাদারীপুর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারের সমর্থক আলমগীর হাওলাদারকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষরা। এরই জের ধরে হাসান মুন্সী পক্ষের লোকজনের বসতবাড়িতে হামলা চালান নিহত আলমগীরের পক্ষের লোকজন। ভাঙচুর ও লুটপাট শেষে পুড়িয়ে দেওয়া হয় অন্তত ২০টি বাড়ি। এ সময় আরও অন্তত ২০টি বাড়িতে ভাঙচুর ও লুটপাট করা হয়।
খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ, সেনাবাহিনী, র্যাব ও ফায়ার সার্ভিস। এরপরই হত্যাকাণ্ডের ঘটনায় বজলু হাওলাদার, সম্রাট ফকির ও মোখলেস হাওলাদার নামে তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। এ ছাড়া অগ্নিসংযোগের ঘটনায় মাদারীপুর পৌরসভার ২নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আখতার হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।