Image description

জুলাই আন্দোলনে ট্রাকচালক সুজন হত্যা মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, ওবায়দুল কাদেরসহ ৩২ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল করছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।

গত ১১ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা এটিইউর পরিদর্শক শংকর কুমার ঘোষ জামা দেন। রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি গণমাধ্যমকে জানানো হয়।

এ বিষয়ে ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের উপ-পরিদর্শক মিজানুর রহমান জানান, আগামী ৮ এপ্রিল এ মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে।

অভিযোগপত্রে বলা হয়, শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ শীর্ষ নেতাদের ‘হুকুম, নির্দেশ, পরিকল্পনা ও উসকানিমূলক বক্তব্যে’ দেশজুড়ে আন্দোলনরত শিক্ষার্থীদের বিরুদ্ধে দমন-পীড়নের পরিকল্পনা বাস্তবায়ন করা হয়। মাঠপর্যায়ে তা কার্যকর করেন তারিকুজ্জামান রাজিব, আসিফ আহম্মেদ সরকার, সলিমউল্লাহ সলুসহ অন্যরা।

এ মামলার অভিযোগপত্রভুক্তদের মধ্যে আরও রয়েছেন— সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবীর নানক, সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত, সাবেক সংসদ সদস্য সাদেক খান প্রমুখ।

২০২৪ সালের ২২ আগস্ট মোহাম্মদপুর থানায় সুজনের ভাই রফিকুল ইসলাম শেখ হাসিনাসহ ৭৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪৫০-৫০০ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে সেই মামলায় অভিযোগপত্র জমা দিলো অ্যান্টি টেররিজম ইউনিট।