Image description

ফরিদপুরের ভাঙ্গায় স্ত্রীর স্বীকৃতির দাবিতে নার্গিস বেগম (৬০) নামে এক নারী তার প্রেমিক আবু বক্কারের (৪৫) বাড়িতে অবস্থান নিয়েছেন।

শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ঘারুয়া ইউনিয়নের ঘারুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নার্গিস বেগম চার সন্তানের জননী এবং আবু বক্কার পাঁচ সন্তানের জনক।

স্থানীয় সূত্রে জানা গেছে, নার্গিস বেগম ও আবু বক্কার কাজির মধ্যে দীর্ঘদিন ধরে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এর আগে আবু বক্কার তাকে নিয়ে দুবার ঢাকার সাভার এলাকায় পালিয়ে যান। পরে আবু বক্কারের প্রথম স্ত্রী তাদের সেখান থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন।

নার্গিস বেগমের দাবি, আবু বক্কার তাকে বিয়ে করেছেন এবং তার ডাকে সাড়া দিয়েই তিনি বাড়িতে এসেছেন। 

তিনি বলেন, আমি আমার আগের সংসার ছেড়ে চলে এসেছি। আবু বক্কার আমাকে বিয়ে করেছে, তাই আমি এখন তার বাড়িতেই থাকব।

অন্যদিকে আবু বক্কারের স্ত্রী নুপুর বেগম বলেন, আমার স্বামী এখন জেলে আছে। সে যদি এসে তাকে ঘরে তুলে নেয়, তাহলে আমার আপত্তি নেই। তবে আমার স্বামীর অনুপস্থিতিতে আমি তাকে জায়গা দিতে পারব না৷

এদিকে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামজুড়ে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা দেখা দিয়েছে।

শীর্ষনিউজ