হরমুজ প্রণালির অচলাবস্থার মধ্যেও ইরান স্বাভাবিকের তুলনায় অনেক বেশি তেল রপ্তানি করছে বলে জানিয়েছেন অ্যাসোসিয়েটেড প্রেসের সাংবাদিক ইনজামাম রশিদ। তিনি জানান, প্রণালির প্রবেশমুখে এখনও প্রায় ১,০০০টি জাহাজ নোঙর করে রয়েছে, যার মধ্যে প্রায় ২০০টি তেলবাহী ট্যাংকার।
আল জাজিরাকে দেওয়া সাক্ষাৎকারে রশিদ বলেন, “এটি সাধারণত বিশ্বের অন্যতম ব্যস্ত জলপথ। বিশ্বের প্রায় ২০ শতাংশ তেল এই প্রণালি দিয়ে পরিবাহিত হয় এবং প্রতিদিন প্রায় ২ কোটি ব্যারেল তেল এখান দিয়ে যায়।”
তবে গত প্রায় নয় দিন ধরে সেই স্বাভাবিক প্রবাহ দেখা যায়নি বলে তিনি জানান। তার ভাষায়, “এই সময়ের মধ্যে যে অল্প কয়েকটি ট্যাংকার প্রণালি পার হতে পেরেছে, সেগুলো মূলত ইরানের তেল রপ্তানির জন্য ব্যবহৃত জাহাজ।”
রশিদ আরও বলেন, বর্তমান পরিস্থিতিতে ইরান আগের তুলনায় “অনেক বেশি তেল” রপ্তানি করছে।
এদিকে, যৌথ সামুদ্রিক তথ্য কেন্দ্র (জয়েন্ট মেরিটাইম ইনফরমেশন সেন্টার) জানিয়েছে, হরমুজ প্রণালির আশপাশের জলসীমায় বর্তমানে হুমকির মাত্রা “সংকটজনক” পর্যায়ে রয়েছে। সংস্থাটি সাম্প্রতিক ঝুঁকি মূল্যায়নের ভিত্তিতে এই সতর্কতা দিয়েছে।