ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের চতুর্থ শ্রেণির কর্মচারী নিয়োগ পরীক্ষার সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠেছে উপজেলা বিএনপি সভাপতি জামাল উদ্দীন ও তার কর্মীদের বিরুদ্ধে। আজ শুক্রবার (১৩ মার্চ) বিকালে হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মেদনিসাগর টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের অধ্যক্ষ হারুনুর রশিদ বলেন, আয়া ও পরিছন্নতা কর্মী পদে আটজন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করেন৷ পরীক্ষা শেষে আমরা ইউএনও স্যারের রুমে বসেছিলাম। সেখান থেকে আমাদের সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে গেছেন৷ আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য থানায় এসেছি।
হরিপুরের ইউএনও রায়হানুল ইসলাম বলেন, যথাযথ নিয়ম মেনে প্রতিষ্ঠানটির লিখিত নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরে নিরীক্ষকরা ভাইভা নেওয়া শুরু করেন। পরক্ষণেই আমার রুমে তারা অবস্থান করেন। এমতাবস্থায় বিএনপি সভাপতি ও তার সহযোগীরা আমার রুমে আসেন৷ মব সৃষ্টি করে নিরীক্ষকদের কাছ থেকে সব কাগজপত্র ছিনিয়ে নিয়ে যান।
তবে উপজেলা বিএনপির সভাপতি জামাল উদ্দীন বলেন, আমরা কোনো কাগজ নিয়ে আসিনি৷ প্রতিষ্ঠানটি আওয়ামী লীগের আর নিয়োগ দেওয়া হচ্ছিল আওয়ামী লীগের লোকদের৷ আমাদের ছেলেরা এসব বলতে গেলে ইউএনও খারাপ আচরণ করেন। ইউএনও জামায়াতের লোক৷ এসব মিথ্যা।
ডেইলি ক্যাম্পাস