টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার শুভুল্যা সেতুর পশ্চিম পাশে একটি কাভার্ড ভ্যান উল্টে গেছে। দুর্ঘটনার পর তেলের ট্যাংক থেকে রাস্তায় পড়তে থাকা ডিজেল বালতি, পলিথিন ও ডিশ দিয়ে সংগ্রহ করে নিয়ে যেতে দেখা গেছে স্থানীয় কয়েকজনকে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে উত্তরাঞ্চলগামী সিরাজুল মটরস নামের একটি কাভার্ড ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপর আড়াআড়িভাবে উল্টে যায়। এ ঘটনায় গাড়িটির সামনের অংশ সড়ক বিভাজকের ওপর উঠে যায় এবং সামনের দিক দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় কাভার্ড ভ্যানটির তেলের ট্যাংক মুচড়ে গিয়ে এক পাশে ছিদ্র হয়ে যায়। সেখান থেকে ডিজেল সড়কে পড়তে থাকে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। দুর্ঘটনার পর চালক ও তাঁর সহকারী ঘটনাস্থল থেকে পালিয়ে যান।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন ঘটনাস্থলে ভিড় করেন। তাঁদের মধ্যে কয়েকজন তেলের ট্যাংক থেকে ঝরতে থাকা ডিজেল বালতি, পলিথিন ও বিভিন্ন পাত্রে সংগ্রহ করে নিয়ে যান। এ দৃশ্য দেখে শুভুল্যা গ্রামের বাসচালক রুবেল মিয়া দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তিনি একটি লৌহদণ্ড দিয়ে ট্যাংকের মুচড়ে যাওয়া অংশ সোজা করার চেষ্টা করেন এবং পরে সাবান ব্যবহার করে তেল পড়া বন্ধ করার চেষ্টা করেন। এতে কিছুটা সফলতাও পান তিনি।
দুর্ঘটনার কারণে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ওই অংশ দিয়ে উত্তরাঞ্চলগামী যান চলাচল কিছু সময় বন্ধ থাকে। পরে যানবাহন সার্ভিস লেন দিয়ে চলাচল করলেও শুভুল্যা থেকে ইচাইল পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।
মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান বলেন, দুর্ঘটনাকবলিত কাভার্ড ভ্যানটি রেকার দিয়ে সরিয়ে নেওয়ার কাজ চলছে। দ্রুতই যান চলাচল স্বাভাবিক করা হবে।