রাজধানী তেহরানসহ ইরানের বিভিন্ন শহরে তীব্র হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে এর মধ্যেই যুদ্ধ বন্ধে কূটনৈতিক আলোচনার সব সম্ভাবনা নাকচ করে দীর্ঘমেয়াদি যুদ্ধের জন্য নিজেদেরে সম্পূর্ণ প্রস্তুতির কথা জানাল ইরান।
মঙ্গলবার (১০ মার্চ) চালানো এই হামলায় কেঁপে উঠেছে তেহরান, ইসফাহান, তাবরিজ, আহভাজসহ বেশ কয়েকটি শহর।
তেহরানে অবস্থানরত আলজাজিরার সাংবাদিক তোহিদ আসাদি বলেন, ‘গত কয়েক ঘণ্টায় আমরা রাজধানীর পূর্বাঞ্চলে বিস্ফোরণের ঘটনার কথা শুনেছি।
এদিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পাল্টা হামলা অব্যাহত থাকবে বলে জানিয়েছে ইরান সরকার। বলা হয়েছে, ইরান দীর্ঘস্থায়ী যুদ্ধের জন্য প্রস্তুত এবং এই পর্যায়ে যুদ্ধবিরতির কোনো সম্ভবানা নেই।
যুক্তরাষ্ট্রের সঙ্গে কূটনৈতিক আলোচনার সব সম্ভাবনা নাকচ করে দিয়েছে ইরান। ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্রনীতিবিষয়ক উপদেষ্টা কামাল খারাজি এক কড়া বার্তায় জানিয়েছেন, ওয়াশিংটনের সঙ্গে কূটনীতির জন্য বর্তমানে আর কোনো জায়গা অবশিষ্ট নেই।
তিনি স্পষ্ট করে বলেছেন, ইরানের সেনাবাহিনী একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত।
দেশটির শীর্ষ পর্যায়ের এই কর্মকর্তার এমন মন্তব্য ইঙ্গিত দিচ্ছে যে, মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা প্রশমনে আলোচনার চেয়ে সংঘাতের পথই এখন বেশি প্রবল।