মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে ফোনালাপে কাতারের আমির চলমান সঙ্কট নিয়ন্ত্রণে আনার গুরুত্ব ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে গুরুত্বারোপ করেন।
মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান সংঘাত আন্তর্জাতিক নিরাপত্তা ও শান্তির ক্ষেত্রে ‘বিপজ্জনক পরিণতি’ ডেকে আনতে পারে বলে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে সতর্ক করেছেন কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি।
শনিবার রাতে কাতার বার্তা সংস্থা দুই নেতার মধ্যে টেলিফোনে কথা হওয়ার কথা জানায়।
দুই নেতা কাতার ও উপসাগরের অন্যান্য দেশে ইরানের ধারাবাহিক হামলার মধ্যে মধ্যপ্রাচ্য পরিস্থিতি পর্যালোচনা করেন, কাতারি গণমাধ্যমের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে সৌদি গেজেট।
ফোনালাপে কাতারের আমির চলমান সঙ্কট নিয়ন্ত্রণে আনার গুরুত্ব ও সংঘাত বন্ধে কূটনৈতিক প্রচেষ্টা জোরদারে গুরুত্বারোপ করেন।
উভয় নেতাই আঞ্চলিক ও আন্তর্জাতিক স্থিতিশীলতা সুরক্ষিত রাখতে যৌথ প্রচেষ্টার প্রয়োজনীয়তার ওপর জোর দেন এবং উত্তেজনা কমাতে ও আরও সংঘাত এড়াতে রাজনৈতিক উপায়ের প্রতি সমর্থন জানান, বলেছে কাতারি গণমাধ্যম।