ইরানের সশস্ত্র বাহিনীর শক্তিশালী প্রতিশোধমূলক হামলায় গত ২৪ ঘণ্টায় ২০০-এর বেশি মার্কিন সেনা নিহত বা আহত হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদরদপ্তরের তরফে এ তথ্য জানানো হয়েছে। এ খবর দিয়েছে ইরানের নিজস্ব বার্তা সংস্থা তাসনিম।
দপ্তরের মুখপাত্র এক বিবৃতিতে জানান, ‘অপারেশন ট্রু প্রমিজ ৪’-এর আওতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে এই হামলাগুলো চালানো হয়েছে। এতে আগ্রাসী মার্কিন বাহিনীর ব্যাপক জনবল এবং সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে।
বিবৃতিতে নির্দিষ্ট করে বলা হয়েছে, মার্কিন ৫ম ফ্লিটে চালানো হামলায় ২১ জন আমেরিকান সেনা নিহত হয়েছে এবং আরও অনেকে গুরুতর আহত হয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটিতে ইরানি হামলার ফলে নিহতের সংখ্যা এবং আহতের হার প্রায় ২০০ এর কাছাকাছি দাঁড়িয়েছে। একই সময়ে পারস্য উপসাগরের উত্তর অংশে যুক্তরাষ্ট্রের একটি তেলবাহী ট্যাঙ্কারকেও লক্ষ্যবস্তু করা হয়েছে।
খাতাম আল-আম্বিয়া সদর দপ্তর মূলত ইরানের সামরিক অভিযানগুলোর পরিকল্পনা ও সমন্বয়ের কাজ করে। সেখান থেকে দাবি করা হয়েছে, এই হামলাগুলো ছিল মার্কিন ও ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে সরাসরি জবাব।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং শীর্ষ সামরিক কমান্ডারদের হত্যাকাণ্ডের পর থেকে ইরান ও ইসরাইল-যুক্তরাষ্ট্রের মধ্যে সংঘাত তীব্র আকার ধারণ করেছে। এরপর থেকে ইরানি সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্যে মার্কিন লক্ষ্যবস্তু এবং ইসরাইলের রাজধানী তেল আবিবকে লক্ষ্যবস্তুতে শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে পাল্টাপাল্টি আক্রমণ চালিয়ে আসছে।