ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্তের কাছে অবস্থান নেয়া যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের ভাষ্য অনুযায়ী, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস নৌবাহিনীর ড্রোন হামলার পর রণতরীটি দ্রুত এলাকা ছেড়ে অনেক দূরে সরে যায়।
বৃহস্পতিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ইরানের আধা-সরকারি বার্তাসংস্থা তাসনিম।
ইরানের খাতাম আল-আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্স জানিয়েছে, যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনকে ড্রোন দিয়ে আঘাত করা হয়েছে। হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র বলেন, ওমান সাগরে ইরানের সামুদ্রিক সীমান্ত থেকে প্রায় ৩৪০ কিলোমিটার দূরে অবস্থান নেয়া আব্রাহাম লিংকন রণতরীকে লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।
তার ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের উদ্দেশ্যে ওই রণতরীটি সেখানে এগিয়ে এসেছিল। এ সময় ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) নৌবাহিনীর ড্রোন হামলায় এটি আঘাতপ্রাপ্ত হয়।
মুখপাত্র আরও বলেন, হামলার পর রণতরীটি তার সঙ্গে থাকা ডেস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলো নিয়ে দ্রুত এলাকা ছেড়ে পালিয়ে যায়। বর্তমানে জাহাজটি ওই অঞ্চল থেকে প্রায় এক হাজার কিলোমিটার দূরে অবস্থান করছে।
কয়েক দিন আগে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছিল, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর অংশ হিসেবে ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।
ইরানের সশস্ত্র বাহিনী শত্রুপক্ষের বিরুদ্ধে শক্তিশালী আঘাত হানছে এবং এই লড়াই নতুন স্তরে প্রবেশ করেছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়। এতে বলা হয়, স্থল ও সমুদ্র— দুটিই ‘সন্ত্রাসী আগ্রাসীদের’ জন্য সমাধিক্ষেত্রে পরিণত হবে।
এদিকে চীনের রাষ্ট্রীয় বার্তাসংস্থা সিনহুয়ার খবরে বলা হয়েছে, নৌবাহিনীর ড্রোন দিয়ে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকনকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) বৃহস্পতিবার জানিয়েছে।