আজারবাইজানে ড্রোন হামলার পর ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। বৃহস্পতিবার (৫ মার্চ) আলজাজিরা এ সংবাদ প্রকাশ করে।
আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান তাদের ভূখণ্ডে ‘আক্রমণ’ করে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছে। দেশটিকে দ্রুত বিষয়টির স্পষ্ট কারণ বলতে হবে। পরবর্তীতে এ ধরনের ঘটনা যাতে আবার না ঘটে, তা নিশ্চিত করার জন্য ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে আজারবাইজান।
আজারবাইজান আরও জানিয়েছে, বাকু যে কোনো হামলার পাল্টা জবাব দেওয়ার ক্ষমতা রাখে। এ ঘটনায় কঠোর প্রতিবাদ জানানোর জন্য ইরানের রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে।
এর আগে আজারবাইজানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ইরান থেকে ছোড়া বেশ কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। এর মধ্যে একটি নাখচিভান আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনাল ভবনে আঘাত হেনেছে এবং আরেকটি শাকারাবাদ গ্রামের একটি স্কুল ভবনের কাছে অবতরণ করেছে। আমরা এ ড্রোন হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। এ ঘটনায় দুই বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন।