ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনেয়ি। তার মৃত্যুতে গভীর শোক জানিয়ে প্রতিশোধের অঙ্গীকার করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আল-জাজিরার।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফারস নিউজ এজেন্সির বরাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, ‘আমরা একজন মহান নেতাকে হারিয়েছি এবং আমরা তার জন্য শোকাহত।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘মানবতার সবচেয়ে নিষ্ঠুর সন্ত্রাসী ও হত্যাকারীদের হাতে তার (খামেনেয়ি) শাহাদাত এই মহান নেতার বৈধতা এবং তার নিজেকে নিবেদনের গ্রহণযোগ্যতার প্রমাণ।’
আইআরজিসি হুঁশিয়ারি দিয়ে বলেছে, ‘ইরানি জাতির প্রতিশোধের হাত তাদের (ইসরায়েল-যুক্তরাষ্ট্র) ছেড়ে দেবে না।’ সংগঠনটি আরও জানায়, তারা অভ্যন্তরীণ ও বৈদেশিক সব ষড়যন্ত্রের মোকাবিলায় দৃঢ় অবস্থানে থাকবে।
প্রসঙ্গত, শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালের দিকেই মারা গেছেন খামেনেয়ি। তিনি ওই সময় অফিসে তার ওপর অর্পিত দায়িত্ব পালন করছিলেন।