ভুয়া নথি, অবৈধভাবে অবস্থান ও পরিচয় জালিয়াতির অভিযোগে কথিত বাংলাদেশি নাগরিক মাহমুদা বেগমের বিরুদ্ধে উত্তরপ্রদেশের হাপুরে এফআইআর দায়ের করা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, মাহমুদা বেগম ৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে তিন মাসের ভিসায় বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেন। তবে সংবাদ সংস্থা এএনআই-এর বরাতে জানা গেছে, তিনি নির্ধারিত সময়ের পরও ভারতে অবস্থান করেন এবং পরে হাপুরে ‘বেগম রানি’ নামে ভুয়া পরিচয়ে নথিপত্র সংগ্রহ করেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ভারতে অবস্থানকালে তিনি স্থানীয় বাসিন্দা মোহাম্মদ মাশরুফকে বিয়ে করেন। এই ঘটনায় মাহমুদা বেগম ও তার স্বামী মোহাম্মদ মাশরুফের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তল্লাশি অভিযানে তাদের কাছ থেকে ভিসা, পাসপোর্ট, বাংলাদেশি মুদ্রা, দুটি সিম কার্ডসহ বিভিন্ন নথি উদ্ধার করেছে পুলিশ।