Image description

ফেনীর সোনাগাজীতে পরকীয়ার জের ধরে আইয়ুব নবী তারেক নামের এক তাঁতি দল নেতাকে হত্যার অভিযোগ উঠেছে। উপজেলার বগাদানা ইউনিয়নের গুণক গ্রামে বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬টায় এ ঘটনা ঘটে।

নিহত আইয়ুব নবী তারেক (২৬) ওই গ্রামের কামাল উদ্দিনের ছেলে এবং বগাদানা ইউনিয়ন তাঁতি দলের সাংগঠনিক সম্পাদক বলে জানিয়েছেন সোনাগাজী উপজেলা জাতীয়তাবাদী তাঁতি দলের সদস্য সচিব আবদুল আল আমিন।  

অভিযোগ করে নিহতের বাবা কামাল উদ্দিন বলেন, একই বাড়ির ওহিদুর রহমানের স্ত্রী নারু  পূর্বের একটি বিরোধ নিষ্পত্তির কথা বলে তারেককে ডেকে নিয়ে যায়। সেখানে  আগে থেকে পূর্বপরিকল্পিতভাবে ওহিদুর রহমানের ছেলে নাহিদ, সাঈদ, নিলয় ও স্ত্রী নারু দেশীয় ধারালো অস্ত্র ও লাঠিসোটা দিয়ে তারেকের ওপর হামলা চালায়। একপর্যায়ে তাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করা হয়।

কামাল উদ্দিন বলেন, আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই আমার ছেলে মারা যাওয়ার পরও ওহিদুর রহমান তাকে ডাকাত বলে আখ্যা দিয়ে লাঠি দিয়ে আঘাত করতে থাকে। আমি হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

স্থানীয়রা জানায়, নিহত তারেক ও অভিযুক্ত নাহিদের স্ত্রীর মধ্যে পরকীয়ার সম্পর্কের অভিযোগ নিয়ে বেশ কিছুদিন ধরে বিরোধ চলছিল। এলাকাবাসীর ধারণা এ ঘটনাকে কেন্দ্র করেই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়ে থাকতে পারে।

সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কামরুল ইসলাম বলেন, নিহত তারেকের বিরুদ্ধে একটি ওয়ারেন্ট ছিল তবে এটি কোন রাজনৈতিক হত্যা নয় এটি পূর্ব শত্রুতার জেরের কারনে তাকে হত্যা করা হয়েছে। অভিযুক্তরা ঘটনার পর থেকে আত্মগোপনে চলে গেছেন। তাদেরকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।