যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত নতুন ১৫ শতাংশ শুল্ক কার্যকর হবে কি না, তা নিয়ে বিশ্বজুড়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। এখনো স্পষ্ট নয়, এরই মধ্যে যেসব দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক চুক্তি হয়েছে, তাদের জন্য নতুন হার প্রযোজ্য হবে কি না।
এ নিয়ে যুক্তরাজ্যের ব্যবসায়িক মহলে উদ্বেগ বাড়ছে। ব্রিটিশ চেম্বারস অব কমার্সের নতুন সভাপতি অ্যান্ডি হ্যালডেন বিবিসিকে বলেন, সরকার ভিন্ন কোনো বার্তা না দিলে আগামীকাল থেকেই ১৫ শতাংশ শুল্ক কার্যকর হতে পারে বলে তিনি মনে করছেন। তার কথায়, বর্তমানে যুক্তরাষ্ট্রের সঙ্গে যুক্তরাজ্যের শুল্কহার ১০ শতাংশ। যদি ট্রাম্প প্রতিশ্রুতি অনুযায়ী তা ১৫ শতাংশে উন্নীত করেন, তবে সপ্তাহান্তের পদক্ষেপে ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় যুক্তরাজ্য নিচের দিকে অবস্থান করবে।
এদিকে জার্মান ব্যবসায়ী সংগঠন বিডিআই ইউরোপীয় ইউনিয়নকে দ্রুত যুক্তরাষ্ট্রের সঙ্গে যোগাযোগ করে শুল্ক ও বাণিজ্যবিধি নিয়ে স্পষ্টতা আনার আহ্বান জানিয়েছে। সংগঠনটির সভাপতি পিটার লিবিঙ্গার বলেন, এসব সিদ্ধান্ত আটলান্টিকপাড়ের বাণিজ্যে নতুন করে অনিশ্চয়তা সৃষ্টি করেছে। উভয় পক্ষের ব্যবসাপ্রতিষ্ঠান পরিকল্পনা প্রণয়নের জন্য স্থিতিশীল ও নির্ভরযোগ্য পরিবেশ চায়। সংলাপের মাধ্যমেই স্বচ্ছতা ও আস্থা পুনর্গঠন সম্ভব বলে মন্তব্য করেন তিনি।
বিশ্লেষকেরা শুল্কনীতির এই জটিলতাকে ‘অগোছালো পরিস্থিতি’ হিসেবে বর্ণনা করছেন। তাদের মতে, স্পষ্ট নীতিমালা ছাড়া বিনিয়োগকারীদের আস্থা দুর্বল হতে পারে এবং ট্রান্সআটলান্টিক বাণিজ্য প্রবাহে বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।
রোববার (২২ ফেব্রুয়ারি) মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার বলেন, যুক্তরাষ্ট্র এরই মধ্যে যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, সুইজারল্যান্ডসহ বিভিন্ন দেশের সঙ্গে যে শুল্কচুক্তি চূড়ান্ত করেছে, সেগুলো থেকে সরে আসার কোনো পরিকল্পনা নেই। তবে নতুন ১৫ শতাংশ শুল্ক পূর্বঘোষিত চুক্তির ওপর কীভাবে প্রভাব ফেলবে, তা নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা না আসায় আন্তর্জাতিক বাণিজ্য অঙ্গনে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
বিশ্লেষকেরা বলছেন, শুল্কহার বৃদ্ধি কার্যকর হলে তা কেবল রপ্তানি–আমদানির ব্যয় বাড়াবে না, বরং সরবরাহ শৃঙ্খল ও মূল্যস্ফীতিতেও প্রভাব ফেলতে পারে। ফলে যুক্তরাষ্ট্র ও তার প্রধান বাণিজ্য অংশীদারদের মধ্যে দ্রুত নীতিগত স্পষ্টতা জরুরি হয়ে উঠেছে।
সূত্র: দ্য গার্ডিয়ান